খুলছে দোকান-শপিংমল, চলছে গণপরিবহণ ও ট্রেন

দেশেব্যাপি মহামারি নভেল করোনাভাইরাসের
ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে।
কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিল করে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে
যানবাহন এবং দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। রাজধানীর সড়কে চলছে গণপরিবহণ,
খুলেছে দোকানপাট।
দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক
কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই
(শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার)
দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ
বিভাগ।
বিধিনিষেধ শিথিল হওয়ার ঘোষণায় এরই মধ্যে
বাস-লঞ্চ-ট্রেন চলাচল শুরু হয়েছে।
এ ছাড়া কোরবানির পশুর হাট চালুর প্রস্তুতিও
শুরু হয়ে গেছে।
যেভাবে চলবে দূরপাল্লার বাস
বুধবার রাত ১২টার পর থেকে চলাচলে বিধিনিষেধ
শিথিল হয়েছে। অনেক পরিবহণ মালিক প্রস্তুতি নিয়েছেন মধ্যরাত থেকেই বাস চালানোর।
তবে, সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক আসন খালি
রেখে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি।
আজ দুপুর থেকে চলবে নৌপরিবহণও। ঢাকার সদরঘাট
লঞ্চ টার্মিনালে প্রতি বছর ঈদের সময়ে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, লঞ্চে ওঠার
জন্য হুড়োহুড়ি ঠেকাতে টার্মিনালের পন্টুন ও গ্যাংওয়ের সংখ্যা বাড়ানো হয়েছে।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
বলেছেন, ‘ঈদযাত্রায় যথাযথ
স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া
কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে নৌপুলিশ ও লঞ্চ মালিকদের যথাযথ নির্দেশনা
পালনের আহ্বান জানাচ্ছি।’
আগামী শনিবার অর্থাৎ ১৭ জুলাই থেকে ঢাকায়
শুরু হচ্ছে গরুর হাট। হাটের ইজারাদারেরা বলছেন, তাঁরা নিয়ম মেনে হাট চালাবেন।
কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব, তা নিয়ে
প্রশ্ন আছে।
এদিকে, ঈদের আগে লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি
আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন দিয়ে শুরু হলো ট্রেন যাত্রা। স্বাস্থ্যবিধি
মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৫
জুলাই) থেকে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের
৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার
ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে। কিন্তু সাময়িক সময়ের জন্য রেলসার্ভিস চালু হওয়ায়
পুরো দমে ট্রেন চলাচল শুরু হচ্ছে না। কাউন্টারে বিক্রি হচ্ছে না কোনো টিকিট। অনলাইনে
গতকাল বুধবার থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।


