৪৫ বলে ফিফটি তামিমের, উড়ন্ত সূচনায় বাংলাদেশ

স্বাগতিক জিম্বাবুয়ে সিলেক্ট একাদশ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার এক দিনের প্রস্তুতি ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

 

ইনজুরির কারণে টেস্টে না খেললেও সুস্থ হওয়ায় ওয়ানডে সিরিজে ঠিকই খেলবেন তামিম। তার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নামেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল, সঙ্গী ছিলেন নাঈম শেখ। নাঈম দেখেশুনে খেললেও বলের সাথে পাল্লা দিয়ে রান সংগ্রহ করতে থাকেন তামিম।

 

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক। ইনিংস উদ্বোধনে নেমে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তিনি। ৪৫ বলেই তুলে নেন ফিফটি।

 

নাইম শেখের সঙ্গে ১৭ ওভারের ওপেনিং জুটিতে তামিম দলকে এনে দিয়েছেন ৮৭ রান। এর মধ্যে তার অবদানই বেশি। ৫০ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত টাইগার দলপতি।

 

কিছুটা হতাশ করেছেন নাইম, অনেকটাই ধীরগতির ব্যাটিং করেছেন। ৫২ বল খেলে ৩ বাউন্ডারিতে ২৫ রান করে চিভাঙ্গার শিকার হন এই তরুণ। ক্যাচ দিয়েছেন মুতুমবামিকে।

 

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। সাকিব ৪ বলে ২ আর তামিম ৫২ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।