১৯ জুলাই সৌদিতে আরাফাতের দিন, ঈদ হবে ২০ তারিখে

সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে ২০ জুলাই। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এই তারিখ ঘোষণা দিয়েছে। খবর গালফ নিউজ

 

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

 

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার শুরু হবে জিলহজ মাস। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। অর্থাৎ এদিন হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হবেন। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন।

 

যদিও মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এ বছরও সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীরা হজ করার সুযোগ পাচ্ছেন।