নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন।

 

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার বিকালে সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে।

 

শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

 

প্রথম দিকে আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

কারখানার আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। অনেকে ভেতরে আটকা পড়েন।

 

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন দুপুর সোয়া দুইটা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ৫২ টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

তিনি জানান, মরদেহগুলো ভবনটির চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা না যাওয়ায় পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি। চার তলার সিঁড়ির দরজা বন্ধ ছিল, এ কারণে সেখানে থাকা মানুষ বের হয়ে ছাদে উঠতে পারেনি। তারা ছাদে যেতে পারলে হয়তো তারা মারা যেতেন না।

 

এই কর্মকতা জানান, বৃহস্পতিবার রাতে ভবনটির ছাদ থেকে ২৫ জনকে তারা উদ্ধার করেন যারা আগুন লাগার পর ছাদে উঠতে পেরেছিলেন। পঞ্চম ও ষষ্ঠ তলা পুরোপুরি সার্চ করে তারপর হতাহতের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব হবে।