চতুর্থ দিনে গ্রেপ্তার ৪২৯, জরিমানা সাড়ে ৮ লাখ

মহামারি করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের
চতুর্থ দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি চলছে। গত তিন দিনের মতো আজকেও গ্রেপ্তার, জরিমানা
ও মুচলেকা গ্রহণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জরিমানা
আদায় করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
রোবাবর বিকেলে ডিএমপির মিডিয়া ও পাবলিক
রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩টা
পর্যন্ত ডিএমপির ৮টি ক্রাইম বিভাগ রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও,
মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সরকারঘোষিত
লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ
৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
মিরপুর বিভাগের ট্রাফিক পুলিশ চতুর্থ দিনের
সর্বোচ্চ ৯১টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে তিন লাখ পাঁচ হাজার ৫০০ টাকা, গুলশান
বিভাগ ২৫টি মামলা দিয়েছে, আদায় করেছে ৬৫ হাজার ৫০০ টাকা। উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশ
৩৭টি মামলা দিয়েছে, আদায় করেছে ৯৭ হাজার টাকা জরিমানা।
দেশে করোনা মহামারির সংক্রমণ মারাত্মক
আকার ধারণ করায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। গত তিন দিনের
মতো রোববারও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে পাশাপাশি রাস্তায় মানুষের
আনাগোনাও বেড়েছে আগের কয়েক দিনের তুলনায় বেশি।


