হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার পাঁচ বছর পূর্ণ হল আজ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস জঙ্গি হামলার ৫ বছর পূর্ণ হল আজ। ২০১৬ সালের
১ জুলাই সন্ধ্যারাতে হঠাৎ
করে খবর আসে গুলশানে 'সন্ত্রাসীদের সঙ্গে' পুলিশের গোলাগুলি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার
মাধ্যমে জানা গেল এক রেস্টুরেন্টে সশস্ত্র হামলাকারী ঢুকে বেশ ক'জনকে জিম্মিও করেছে।
কিন্তু ঘটনাটা আসলে কী? গুজব নাকি সত্য - সেটি নিশ্চিত হতেও ঘন্টাখানেক সময় চলে গেল।
পরে জানা গেল হামলাকারীরা ওই রেস্টুরেন্টে থাকা বিদেশী নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি
করেছে। এক পর্যায়ে জানা যায় রাত ৮টা ৪৫ মিনিটে গুলশান ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান
বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়েছে। সেদিন রাতের জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ মোট ২২
জন নিহত হন। এদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা ছিলেন।
জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের
অনেক সদস্য। পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে ৫ জঙ্গি এবং
ওই রেস্তোরাঁর একজন পাচক নিহত হন। এই অভিযানের মধ্যদিয়ে শেষ হয় সেই শ্বাসরুদ্ধকর
জিম্মি দশার। রেস্তোরাঁয় আটক আরেক কর্মী পরে হাসপাতালে মারা যান।
কয়েকবার প্রস্তুতি নেয়া সত্ত্বেও স্পর্শকাতর
বিবেচনায় রাতে হলি আর্টিজানে অভিযান চালানো থেকে বিরত থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার,
নিহত হয় হামলাকারী ৫ জঙ্গি।
ভয়াবহ এই জঙ্গি হামলার পর আইন-শৃঙ্খলা
বাহিনীর তদন্তে বেরিয়ে আসতে থাকে জঙ্গিদের নারকীয় এই হত্যাযজ্ঞের ব্লু-প্রিন্ট। বিভিন্ন
সময় এই হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগসাজসের বিষয়টি আলোচনায় আসে।
তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলায়
জড়িত জঙ্গিরা সকলেই ‘হোম গ্রোন’। জেএমবির কিছু
সদস্য নতুনভাবে উজ্জীবিত হয়ে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়, যাদেরকে ‘নব্য জেএমবি’ হিসেবে আখ্যায়িত
করা হয়।
নব্য জেএমবির সদস্যদের সুদূরপ্রসারী পরিকল্পনা
থাকলেও হলি আর্টিজানের ঘটনার পর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের রুখে দিতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা
বাহিনী। এসব অভিযানে অনেক নব্য জেএমবির সদস্য নিহত হয় এবং গ্রেফতার করা হয় আরও অনেককে।
তবে হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার
পাঁচ বছরেও শেষ হয়নি মামলার বিচার প্রক্রিয়া। ২০১৯ সালের ২৭ নভেম্বর এই মামলায় ৭ আসামিকে
মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত। এরপর আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল
করে, আর রায়ে খালাস পাওয়া একজনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর প্রায় দীর্ঘ
১৯ মাস পেরিয়ে গেলেও উচ্চ আদালতে গিয়ে বিচারিক কার্যক্রমের আর তেমন কোনো অগ্রগতি নেই।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল- হামলার
মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, অস্ত্র ও
বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান,
জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর
খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও
করে বিচারিক আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মিজানুর রহমান
ওরফে বড় মিজানকে খালাস দেয়া হয়।
সেদিন
যা ঘটেছিল
২০১৬ সালের ১লা জুলাই দিনটি ছিল শুক্রবার।
সন্ধ্যারাতে হঠাৎ করে খবর আসে গুলশানে ‘সন্ত্রাসীদের
সঙ্গে’ পুলিশের গোলাগুলি
হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেল এক রেস্টুরেন্টে সশস্ত্র হামলাকারী ঢুকে
বেশ কয়েক জনকে জিম্মিও করেছে।
কিন্তু ঘটনাটা আসলে কী? গুজব নাকি সত্য-
সেটি নিশ্চিত হতেও ঘণ্টাখানেক সময় চলে গেল। পরে জানা গেল হামলাকারীরা ওই রেস্টুরেন্টে
থাকা বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করেছে। এক পর্যায়ে জানা যায় গুলশান ৭৯
নম্বর সড়কের হলি আর্টিসান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়েছে।
জিম্মি সংকটের ঘটনায় ১লা জুলাই সন্ধ্যারাত
থেকে দিবাগত সারারাত অর্থাৎ ২রা জুলাই সারা বিশ্বের গণমাধ্যমের নজর ছিল ঢাকার অভিজাত
গুলশান এলাকায় অবস্থিত হোলি আর্টিসান বেকারির দিকে।
গুলশানের পুলিশের সহকারী কমিশনার আশরাফুল
করিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। রাত ৯টা
২০ মিনিটে ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। রাত সাড়ে ৯টার দিকে
গোলাগুলিতে আহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়
তাকে।
রাত ১০টার দিকে পুলিশ, র্যাব এবং আধা
সামরিক বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।
গণমাধ্যম কর্মীরাও ৭৯নং রোডের মাঝামাঝি স্থানে অবস্থান নেন। রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে
মারা যান বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন। এর কিছুক্ষণ পরই ডিবির সহকারী কমিশনার
(এসি) মো. রবিউল করিম নিহত হন।
এর মধ্যে পুলিশের আইজিপি ঘটনাস্থল ও হাসপাতাল
পরিদর্শন করেন। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজীর
আহমেদ সাংবাদিকদের জানান, হলি আর্টিসানের ভেতরে অন্তত ২০ জন বিদেশিসহ কয়েকজন বাংলাদেশিও
আটকা পড়েছেন। ভেতরে যারা আছেন, তাদের জীবনের নিরাপত্তার জন্য তারা বিপথগামীদের সঙ্গে
কথা বলতে চান।
রাত চারটা পর্যন্ত অস্ত্রধারীদের সঙ্গে
কোনও যোগাযোগ স্থাপন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইএসের
দায় স্বীকার
রাতেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের
বার্তা সংস্থা বলে পরিচিত 'আমাক'এ গুলশান হামলার দায় স্বীকার করে ২০জন নিহত হবার কথা
জানায়। আইএস এর পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে পাঁচজনকে তাদের 'সৈনিক' বলে দাবি করে,
হামলার দায় নেয় তারা।
২রা
জুলাই অভিযানের ঘটনাক্রম
সকাল ৭টা ৩০ মিনিট: রাতভর গুলশানের হোলি
আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং
বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়।
৭টা ৪৫ মিনিট: কমান্ডো বাহিনী অভিযান শুরু
করে। অস্ত্রশস্ত্রে সজ্জিত দলের সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এসময় গোলাগুলির
শব্দ শোনা যায়।
সকাল সোয়া ৮টায় রেস্টুরেন্ট থেকে প্রথম
দফায় নারী ও শিশুসহ ৬ জনকে বেরিয়ে আসতে দেখা যায়। পাশের একটি ভবন থেকে একজন বিদেশী
নাগরিক তাঁর মোবাইল ফোনে সেটি ধারণ করেন।
৮টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা।
গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরই আলামত সংগ্রহের
কাজ শুরু করে গোয়েন্দারা।
৯টা ১৫ মিনিটে অভিযান শেষ হয়। কমান্ডো
অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে প্রায় ১২ ঘণ্টার রক্তাক্ত
জিম্মি সংকটের অবসান হয়।
সকাল ১০টায় ৪ জন বিদেশীসহ ১৩ জন জীবিত
উদ্ধারের খবর জানানো হয়। রেস্টুরেন্টের ভেতরে অজ্ঞাত পাঁচজনের মৃতদেহ পাবার কথা পুলিশ
জানায়।
১১টা ৫০ মিনিট: অভিযানে জঙ্গিদের ৬ জন
নিহত এবং একজন ধরা পড়েছে বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুলশানে প্রায় বারো ঘন্টার রক্তাক্ত জিম্মি
সংকটের অবসান ঘটে সকালে এক কমান্ডো অভিযানের মাধ্যমে।
দুপুর ১টা ৩০ মিনিটে আইএসপিআর থেকে এক
সংবাদ সম্মেলন করে জানানো হয় রেস্টুরেন্ট থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


