অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে অক্সিজেন
এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন
সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস মঙ্গলবার
(২৯ জুন) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের অনুদানের
আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য সেবাদানকারী
পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই),
করোনা পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং করোনা রোগীদের
সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।
বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে,
যেখানে সাম্প্রতিককালে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের চিকিৎসা সরঞ্জাম ও
ওষুধের চাহিদা বেড়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
আর্ল মিলার বলেন, বর্তমানে করোনা চিকিত্সা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সঙ্কট একসঙ্গে
কাটিয়ে উঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
এবারের এই অনুদান বাংলাদেশে মহামারির চ্যালেঞ্জ
মোকাবিলা ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো। যুক্তরাষ্ট্র
মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং ২০২০
সালের মার্চ মাস থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে
জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা
দপ্তর, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও স্টেট ডিপার্টমেন্টের
মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।


