বাড়ল দেশের মানুষের গড় আয়ু

দেশে মানুষের গড় আয়ু
দশমিক দুই বছর বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে। এর আগে, ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২
দশমিক ছয় বছর।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস
২০২০ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনামন্ত্রী এম এ
মান্নান আজ সকালে বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।
এ সময় পরিকল্পনা মন্ত্রী
বলেন, এসভিআরএস বিবিএস এর একটি নিয়মিত কার্যক্রম এবং এই রিপোর্টটি খুবই কম সময়ে
প্রকাশিত হওয়ায় আমি খুবই আনন্দিত। এ রিপোর্টে লক্ষ করলে দেখা যায় যে, দেশের
মানুষের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জনবহুল দেশ
হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য আছে। একজন মা
এখন গড়ে দুটি সন্তানের জন্ম দেন। এখন থেকে ৫০ বছর পিছনে তাকালে দেখা যাবে তখন এক
জন মা গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। আমাদের দেশের মানুষ এখন শিক্ষিত হয়েছে এবং
সচেতনতা বেড়েছে। কাজেই এটি আমাদের জন্য বিরাট সাফল্য।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯১ লক্ষ ১ হাজার, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০, মোট গড় আয়ু ৭২.৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫.৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭২.২ বছর। মোট প্রজনন হার ২.০৪, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১.৬৩ জন, ১৫ বছর ও তদূর্ধ জনসংখ্যার শিক্ষার হার ৭৫.৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫.২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২.৯ শতাংশ , বিদ্যুৎ সুবিধা আছে ৯৬.২ শতাংশ পরিবারের স্যানিটারি টয়লেটের সুবিধা আছে ৮১.৫ শতাংশ পরিবারের, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারির হার ৪৩ শতাংশ, তার মধ্যে পুরুষ ৫২.৭ শতাংশ এবং মহিলা ৩৪.৩ শতাংশ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী তার বক্তব্যে
বলেন, সেম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন সিস্টেম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি
নিয়মিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ১৯৮০ সাল
হতে এ জনতাত্ত্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সময়ের এই রিপোর্টটির
নমুনা এলাকার সংখ্যা ২০১২, যেখানে আছে ৩ লক্ষ ১ হাজার ১ শত ৩১টি হাউজহোল্ড/খানা।
বাংলাদেশের গড় হাউজহোল্ড সাইজ ৪.৩ জন। এভাবে ১২ লক্ষ ৮৫ হাজার ১৩ জন জনসংখ্যার
ভিত্তিতে তথ্য প্রকাশ করা হয় যা দেশের সমগ্র জনগোষ্ঠীর জন্য প্রতিনিধিত্বমূলক।
এ কার্যক্রমের মূল
উদ্দেশ্য হচ্ছে- আন্তঃ শুমারী বৎসর সমূহের জন্য জনসংখ্যা বৃদ্ধির উপাদানসমূহ যথা-
জন্ম, মৃত্যু, বিবাহ, আগমন, বহির্গমন এবং আর্থ-সামাজিক তথ্য গ্রহন, প্রক্রিয়াকরণ
এবং নিয়মিতভাবে জনমিতি সম্পর্কিত সূচকসমূহ প্রকাশনা এবং পরিকল্পনাবিদ ও
নীতিনির্ধারকগণের ব্যবহারের জন্য সরবরাহ করা। রিপোর্টের বেশ কিছু সূচকের ফলাফল
দেখে মনে হচ্ছে দেশ অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করেও এগিয়ে যাচ্ছে।
বিবিএস মহাপরিচালক তার
স্বাগত বক্তব্যে রিপোর্টটি অত্যন্ত দ্রুত সময়ে প্রকাশের জন্য প্রকল্প পরিচালক এবং
তার টিমকে ধন্যবাদ জানান।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান
ব্যুরোর মহাপরিচালক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল
হক।


