১৪ দিনের ‘শাটডাউন’ সুপারিশ যৌক্তিক, যেকোনো সময় ঘোষণা

করোনা
পরিস্থিতির ক্রমঅবনতি হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় যেকোনো সময় সারাদেশে ১৪ দিনের জন্য
সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দিতে পারে সরকার। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি
পরামর্শক কমিটির সুপারিশে সরকার কঠোর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এজন্য সরকার
সার্বিক প্রস্তুতিও নিয়েছে।
১৪ দিনের
সম্পূর্ণ ‘শাটডাউন’ করা
সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এর আগে বৃহস্পতিবার
সংবাদ বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনাভাইরাসের
সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেয়ার
সুপারিশ করে।
কমিটির
সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া
সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে।
এ বিষয়ে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার সংক্রমণ
বাড়ছে। তাই দেশের বিভিন্ন জায়গায় কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে
শুরু করে বিভিন্ন জায়গায় এ বিধিনিষেধ চলছে। সেখানে তা কার্যকরও হচ্ছে।
তিনি বলেন, এখন ঢাকার চারপাশের সাত জেলাতেও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। সংক্রমণ
বেড়ে যাওয়ার বিষয়টি সরকার কিছুদিন ধরেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
শাটডাউনের
বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জাতীয়
পরামর্শক কমিটি যে সুপারিশ করেছে, সেটি যৌক্তিক। সরকারেরও
ইতিমধ্যে এই ধরনের প্রস্তুতি আছে। সরকারও কঠোর বিধিনিষেধের চিন্তাভাবনা করছে। যে
কোনো সময় সরকার তা কার্যকর করবে।
উল্লেখ্য, দেশে
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এ বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের
জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে তা আরও ২ দিন
বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর
বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু
হয়। পরে তা আরও ৮ দফা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়। এর পাশাপাশি স্থানীয়
পর্যায়েও বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ চলছে।


