শর্তসাপেক্ষে ২৪ জুন খুলছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস, বন্ধ পর্যটন কেন্দ্র

শর্তসাপেক্ষে আগামী ২৪ জুন থেকে খুলছে কক্সবাজার পর্যটন জোনের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। পর্যটন সেবায় যুক্ত অর্ধলক্ষাধিক মানুষের পরিবারের দুর্বিষহ জীবন স্বাভাবিক করতে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং না দেয়া যাবে না। রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। এছাড়া বন্ধ থাকবে সব পর্যটন কেন্দ্র।

 

সোমবার (২১ জুন) বিকেলে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্টদের জন্য নেয়া এই সিদ্ধান্তের কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল মোটেল ও গেস্ট হাউস খুলে দেয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি।

 

এই কমিটি এরই মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষকে বিশেষ দিক নির্দেশনা দিয়েছে। দিক নির্দেশনা বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে মনিটরিং কমিটি আবারও সব বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

 

সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেয়া হয়েছিল। এখন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে হোটেল মোটেল ও গেস্ট হাউস।

 

তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে শর্তগুলো হলো, ৫০ ভাগ কক্ষ বুকিং, রুম সার্ভিস ছাড়া রেস্টুরেন্ট বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। এছাড়া বন্ধ থাকবে সুইমিংপুল।