রাজধানীতে শুরু ফাইজারের টিকা দেওয়া কার্যক্রম

দেশে করোনাভাইরাস রোধে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা দেওয়া শুরু হয়েছে।

 

সোমবার সকালে রাজধানী ঢাকার তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়।

 

প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে।

 

রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসিএইচ) ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

 

তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের সাতদিন অবজারভেশনে রেখে পরবর্তীতে সারাদেশে এ টিকা দেওয়া হবে।

 

শামসুল হক বলেন, ফাইজারের টিকাটির তাপমাত্রা সেনসিটিভ। তাই আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩টি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেবো। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এই তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

 

এদিকে চীনে পড়াশোনা করছেন এমন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী টিকা পাবেন বলে স্বাস্থ্য বুলেটিনে বলা হয়।