আগামীকাল থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে
দেশে প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার
(২১ জুন) থেকে ঢাকার তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
রোববার (২০ জুন) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত
স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা
ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর তিনটি কেন্দ্রে দেওয়া
হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
(বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
এসব হাসপাতালে একটি করে টিকাকেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথে টিকা
দেওয়া হবে।
শামসুল হক বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে
১ লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য
গাইড লাইন ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজের
সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ৪ সপ্তাহ বা ২৮ দিন। এছাড়া টিকাকেন্দ্রের
অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি
অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি
শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম
শুরু হয়।


