এবার সিনোফার্মের টিকা পাবেন যারা

দীর্ঘ বিরতির পর শনিবার থেকে দেশে করোনাভাইরাসের টিকা দেয়া আবার শুরু হয়েছে। চীনের তৈরি সিনোফার্মের টিকা দিয়ে পাঁচ লাখ মানুষকে টার্গেট করে টিকা দেয়া শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। কারা এই টিকা পাবে এ ব্যাপারে ক্যাটাগরি ভাগ করেছে সংস্থাটি। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তারা টিকায় অগ্রাধিকার পাবেন। এছাড়া সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি তাদেরসহ বিদেশগামী বাংলাদেশি কর্মীরা অগ্রাধিকার পাবেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, চীন দুই দফায় বাংলাদেশকে যে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছিল সেটা দিয়ে শুরু হচ্ছে টিকা কার্যক্রম। তবে সেটা সবার জন্য নয়।

 

শামসুল হক জানান, এই ১১ লাখ ডোজ টিকার জন্য পাঁচ লাখ মানুষকে টার্গেট করা হয়েছে, যাতে করে তাদের দুই ডোজ টিকা দেয়া সম্পন্ন করা যায়। তিনি বলেন, আমাদের খুব পরিষ্কার পরিকল্পনা রয়েছে। আমরা পাঁচ লাখ মানুষকে দুইটা ডোজের টিকা দিয়ে কমপ্লিট করবো। এখানে আগে যারা নিবন্ধন করে রেখেছেন তারা অগ্রাধিকার পাবেন।

 

১০ ক্যাটাগরির ব্যক্তিদের এ টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। তারা হলেন-

 

Ø  টিকার জন্য নির্ধারিত কেন্দ্রে ইতোমধ্যে যারা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো টিকা পাননি, তাদের এ টিকা দেওয়া হবে।

 

Ø  অগ্রাধিকারপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী।

 

Ø  পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি।

 

Ø  অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মী, যাদের বিএমইটি নিবন্ধন কিংবা কার্ড আছে।

 

Ø  সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস ও সরকারি আইএইচটির শিক্ষার্থীরা।

 

Ø  সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।

 

Ø  বিডার আওতাধীন ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্পে (পদ্মা সেতু প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎকেন্দ্র) সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

 

Ø  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা।

 

Ø  সারাদেশে কোভিড-১৯ মৃতদেহ সৎকারে নিয়োজিত ওয়ার্ড/পৌরসভার কর্মীরা।

 

Ø  বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা পাবেন সিনোফার্মের এ টিকা।

 

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগে অন্য কোনো করোনা টিকা নেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এছাড়া অন্য কোনো দেশ থেকে প্রথম ডোজ গ্রহণ করে বাংলাদেশে এলে দ্বিতীয় ডোজ হিসেবে এ টিকা দেওয়া যাবে না।

 

সরকারি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস এবং সরকারি আইএইচটি শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডির তথ্য লিপিবদ্ধ করে টিকা নিতে পারবেন। কিন্তু দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের আগে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টাল/অ্যাপে নিবন্ধন করে নিতে হবে।