আষাঢ়স্য প্রথম দিবস আজ

আজ পহেলা আষাঢ়। বৈষ্ণব কবির ভাষায়-আষাঢ়স্য প্রথম দিবস। বহু যুগের ওপার থেকে ভেসে আসা স্মৃতি-সৌরভ। যেন গান হয়ে ভেসে ওঠে : বাদল দিনের প্রথম কদমফুলে।

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,

আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

 মেঘের ছায়ায় অন্ধকারে

রেখেছি ঢেকে তারে

এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥

 আজ এনে দিলে,

হয়তো দিবে না কাল

রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।


১৪২৮ বঙ্গাব্দের বর্ষার প্রথম দিনপঞ্জিকার অনুশাসনে আজ আষাঢ়ের প্রথম দিন। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এ মাসের মধ্য দিয়েই বাংলার প্রকৃতিতে আনুষ্ঠানিক সূচনা হয় প্রিয় ঋতু বর্ষার।

 

নজরুলের কাছে বর্ষাকে মনে হয়েছে বাদলের পরী। তাই তিনি লিখলেন,

ওগো বাদলের পরী!

যাবে কোন্ দূরে ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরী!

ওগো ও ক্ষণিকায়, পুব-অভিসার ফুরাল কি আজ তব?

পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন্ দেশ অভিনব?

 

তোমার কপোল-পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া-রেণু/

তোমারে স্মরিয়া ভাদরের ভরা নদীতটে কাঁদে বেনু।

 

কুমারী ভীরু-বেদনা-বিধূর প্রণয়-অশ্র সম।

ঝরিছে শিশির-সিক্ত সেফালী নিশি-ভোরে অনুপম।

 

ওগো ও কাজল মেয়ে,

উদাস আকাশ ছলছল চোখ তব মুখে আছে চেয়ে।

কাশফুল সম শুভ্র ধবল রাশ রাশ শ্বেত মেঘে

তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে।

 

ওগো জলের দেশের কন্যা। তব ও বিদায় পথে

কাননে কাননে কদম-কেশর ঝরিছে প্রভাত হতে।

তোমার আদরে মুকুলিতা হয়ে ঊঠিল যে বল্লরী

তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে নিশিদিন ভরি।

 

বর্ষাবিহীন বাংলাদেশ ভাবাই যায় না। বর্ষা ঋতু তার বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র। বর্ষার প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়।

 

বর্ষা বাঙালি জীবনে নতুন প্রাণসঞ্চারকারী। পল্লীকবি জসীমউদদীন লিখেছেন- বনের ঝিয়ারি কদম্বশাখে নিঝঝুম নিরালায়, / ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে, অস্ফুট কলিকায়। বৃষ্টিস্নাত কদম ফুলের সৌন্দর্য্য যে দেখেছে, মুগ্ধ নয়নে চেয়ে না থেকে পারেনি।

 

তাই বাদল দিনের প্রথম কদম ফুল দিয়ে প্রণয় নিবেদন করেছিলেন রবীন্দ্রনাথ। বিশ্বকবি তাঁর আষাঢ় কবিতায় বলেছেন, বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর, কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

 

বৃষ্টি হলে গ্রামের নদী নালা পুকুরে জল জমে থই থই করে। নদীর তীর উপচে কখনও বা ধেয়ে আসে বন্যা। তখন গ্রামের সাধারণ লোকজনের কষ্টের শেষ থাকে না। তারপরও বর্ষা মানুষের কাছে আকাঙ্ক্ষার। কারণ, সবুজের সমারোহে, মাটিতে নতুন পলির আস্তরণে বর্ষা আনে জীবনেরই বারতা। তাই বর্ষাকে স্বাগতম।