মুজিববর্ষ উপলক্ষে ৯০১ কোটি টাকার বঙ্গবন্ধু যুবঋণ বিতরণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু যুবঋণ কার্যক্রমের আওতায় জামানতবিহীন ৯০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে।

 

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে গ্রহণ করা বঙ্গবন্ধু যুবঋণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫৮ হাজার ২৯৭ বেকার যুবককে গত ৮ জুন পর্যন্ত জামানতবিহীন ৯০১ কোটি ৩০ টাকার ঋণ প্রদান করা হয়েছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছে।

 

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় এমপি হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 

মন্ত্রী জানান, গ্রামে কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেওয়া হয়। ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৩১ হাজার ৩৯ ঋণগ্রহীতার মাঝে ৮ হাজার ২২১ কোটি ৮৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে ২৬ লাখ ৩৯ হাজার ৮৭ জনের কর্মসংস্থান হয়েছে।