২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্তের হার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি নভেল করোনাভাইরাসে দুই হাজার ৫৭৬ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল দুই হাজার ৫৩৭ জন ও গত পরশু দুই হাজার ৩২২ জন শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৩৯৫ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪০ জন রোগী মারা গেছেন। এর আগে গতকাল ৩৬ ও গত পরশু ৪৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন।

 

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ ও গত পরশু ১২ দশমিক ১২ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২২ জন।

 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।