খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর, তবে শঙ্কামুক্ত নন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি
হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে ইতোমধ্যে কেবিনে স্থানান্তর
করা হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া
এখনও শঙ্কামুক্ত নন। কোভিড পরবর্তী বেশ কিছু
জটিলতায় ভুগছেন তিনি। আরও কিছু সময় তাকে হাসপাতালে
থাকতে হবে।
খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘গত এক সপ্তাহে
ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে করোনারি কেয়ার
ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তাঁর
চিকিৎসা চলছে। উনার পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি
বলার সুযোগ নেই। তাই তাঁকে এখনি বিপদমুক্ত বলা যাচ্ছে না। ফলে, আমরা তাঁকে আরও কিছুদিন
পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেব।’
খালেদা জিয়া এখনও তরল জাতীয় খাবার খাচ্ছেন
জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম এমনিতে কম খাবার খান। হাসপাতালে
ভর্তি হওয়ার পর বাইরে থেকে, অর্থাৎ তাঁর আত্মীয়-স্বজনেরাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী
খাবার নিয়ে আসেন।’
এদিকে চিকিৎসকেরা বলছেন, বিএনপির চেয়ারপারসনের
কোভিড পরবর্তী যে জটিলতা ছিল, সেগুলোর কিছুটা উন্নতি হলেও তাঁর অন্যান্য রোগগুলো আগের
মতোই আছে। ফলে আরও কিছুদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণের
পর বিপদমুক্ত মনে হলেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার
পরিবারের সদস্যেরা বাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাঁর একান্ত সচিব
আব্দুস সাত্তার ছাড়া অন্য কেউ তাঁকে দেখতে হাসপাতালে যান না।


