সিনোভ্যাকের টিকার ব্যবহারের অনুমোদন, পরিবেশক ইনসেপ্টা

চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করা করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

 

সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সিনোভ্যাকের টিকাটির দুই ডোজ প্রয়োগ করা যাবে। প্রথম ডোজ দেওয়ার দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এছাড়া টিকাটি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

 

এর আগে আরও চারটি করোনা টিকার জরুরি অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুতনিক ভি, চীনের সিনোফার্ম ও ফাইজার/বায়োএনটেকের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।