আজ বিশ্ব দুগ্ধ দিবস

বিশ্ব দুগ্ধ দিবস আজ। ২০০১ সালে জাতিসংঘের
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুন তারিখকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর
থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ
ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করাকে উৎসাহিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন
হয়ে আসছে।
বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ এর প্রতিপাদ্য ‘সাসটেইনেবিলিটি
ইন দ্য ডেইরি সেক্টর উইথ মেসেজ অ্যারাউন্ড দ্য এনভায়রমেন্ট নিউট্রেশন অ্যান্ড সোসিও
ইকোনোমিকস’।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন
প্রাণিসম্পদ অধিদফতর এ বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করছে। এর অংশ হিসেবে ১ জুন থেকে
৭ জুন পর্যন্ত দুগ্ধ সপ্তাহ উদযাপন করা হবে।
আজ বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১
এর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ দিন সকালে সুসজ্জিত
পরিবহনের মাধ্যমে রাজধানীর খামারবাড়ি মোড়সহ অন্যান্য স্থানে জনসচেতনতামূলক প্রচার
কার্যক্রম, টি-শার্ট বিতরণ ও দরিদ্রের দুধ খাওয়ানো কর্মসূচি পালন করা হবে। এছাড়া দিবসটি
উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ আয়োজনে একটি সেমিনার
অনুষ্ঠিত হবে।
দুগ্ধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সরকারি
শিশু পরিবার ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, জেলা ও উপজেলা
প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ
প্রদর্শনীর আয়োজন, বিনামূল্যে প্রাণিসম্পদ চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা, বিনামূল্যে
প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ঔষধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনা এবং মিডিয়া
ডায়ালগ আয়োজনসহ জনসচেতনতামূলক অন্যান্য প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


