বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা

করোনাকালে অনেক পরিবারের আয় কমে গেছে। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় পরিবারগুলোর মনোযোগ বাড়াতে ধর্মীয় নেতাদের মাধ্যমে প্রচার চালানো যেতে পারে। সেই সঙ্গে শিশু রয়েছে এমন আর্থিক সংকটে থাকা পরিবারের জন্য সরকার বিশেষ প্রণোদনা দিতে পারে।

 

ওয়ার্ল্ড ভিশন-প্রথম আলো আয়োজিত এক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে এ মতামত তুলে ধরেন বক্তারা। গতকাল রোববার কোভিড প্রেক্ষাপট: শিশু সুরক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের করণীয় শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়।

 

অনুষ্ঠানে দেশের শিশু পরিস্থিতি নিয়ে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের তথ্য তুলে ধরে জানানো হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৪ শতাংশ এখনো জন্মনিবন্ধনের বাইরে। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়েছে ও মা হয়েছেন ৫৯ শতাংশ নারী। এর ফলে মা ও শিশুমৃত্যু বাড়ছে। ১ থেকে ১৪ বছর বয়সী ৮৯ শতাংশ শিশু কোনো না কোনোভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। ১২ লাখ শিশুশ্রমে নিয়োজিত আছে।

 

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, মসজিদে খুতবা, প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ-মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার সময় শিশুদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক প্রচার চালানো যেতে পারে। ধর্মীয় নির্দেশনার আলোকে ছোট ছোট নাটক ও তথ্যচিত্র প্রচার করা যেতে পারে। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে এ বিষয়ে প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান।

 

শিশুদের মধ্যে মূল্যবোধ জাগাতে পরিবারকেও এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেন, কোনো ধর্মই অনৈতিকতাকে সমর্থন করে না। ছোটবেলায় শেখানো সদাচারণ মূল্যবোধ তৈরি করে। এখন অনেক শিশু অনলাইনে নানা নেতিবাচক আধেয় বা কনটেন্ট দেখছে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করছে, এতে অনেকে উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে।

 

সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, শিশুদের সুরক্ষায় শুধু সরকার নয়, সব খাতের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। করোনাকালে শিশুদের প্রতি নির্যাতন বেড়ে গেছে। নির্যাতন না করে মাবাবার উচিত তাঁদের আর্থিক সংকটের বিষয়টি সন্তানকে বুঝিয়ে বলা।

 

শিশুদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান বলেন, শিশুর সুরক্ষায় ইসলামসহ বিভিন্ন ধর্মের নির্দেশনা প্রচার করতে হবে। প্রচলিত আইনগুলো তুলে ধরতে হবে। শিশুর সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যেসব বিষয় বাধা তৈরি করে, সেগুলো দূর করতে হবে।

 

রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী দেবধ্যানান্দ বলেন, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও পরোপকারিতা স্বাভাবিক আচরণ। এসব আচরণ মানুষের মধ্যে দৃঢ়ভাবে থাকলে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে না। শিশুদের সুরক্ষায় দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সুরক্ষা দিতেও সবাইকে এগিয়ে আসতে হবে।

 

শিশুদের সুরক্ষা দেওয়া সমাজের জন্য মঙ্গলজনক উল্লেখ করে বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি খ্রিস্টোফার অধিকারী বলেন, শিশুরাই ভবিষ্যৎ। তাই শিশুর যত্ন নেওয়ার মানে নিজের ভবিষ্যতের যত্ন নেওয়া। শিশুদের মাধ্যমেই সমাজে মূল্যবোধ ছড়িয়ে দেওয়া সম্ভব।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া বলেন, কোভিডে গৃহবন্দী শিশুদের মানসিক বিকাশে তাদের মধ্যে সদাচারণের উন্নয়ন ঘটাতে হবে। অসত্য, অনৈতিকতা ও মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষা গ্রহণ নিশ্চিত করা গেলে সব ধরনের সহিংসতার অবসান হবে এবং শিশুদের রক্ষা করা যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ুর রহমান খান বলেন, মসজিদের ইমামেরা হলেন স্থানীয় নেতা। দেশে সাড়ে চার-পাঁচ লাখের মতো মসজিদ আছে। শিশুদের সুরক্ষায় সচেতনতার কথা এই মঞ্চ থেকে বললে মানুষ শুনবে।

 

ইসলামিক রিলিফ বাংলাদেশের এদেশীয় পরিচালক আকমল শরিফ বলেন, করোনায় আর্থসামাজিকসহ নানা কারণে শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জোর করে বিয়ের ঘটনা বেড়েছে। এই সহিংসতা কমাতে সব ধর্মের প্রচারকদের নিয়ে ও উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জাতীয় পরিচালক সুরেশ বার্টলেট বলেন, বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে বিগত বছরগুলোতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তবে এখনো অনেক শিশু স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। শিশুদের পথে বাস করতে হচ্ছে, শিশুশ্রম নিরসন করা যায়নি। তিনি বলেন, ধর্মীয় নেতারা সমাজে অনেক প্রভাব বিস্তার করতে পারেন। তিনি শিশুদের কল্যাণে ধর্মীয় নেতাসহ উন্নয়ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ অপারেশনস পরিচালক চন্দন জেড গোমেজ মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, করোনাকালে অনেক পরিবারের আয় কমে গেছে। আর্থিক টানাপোড়েন থেকে ইতিবাচক অভিভাবকত্বে নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। তাই দরিদ্র পরিবারগুলোর আর্থিক সংকটকে গুরুত্ব দিয়ে যেসব পরিবারে শিশু ও কিশোর-কিশোরী রয়েছে, সেসব পরিবারের জন্য সরকার বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে পারে।

সভার সূচনা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলা প্রত্যেকের দায়িত্ব। সামান্য বিষয়ে এখন কিশোরদের মধ্যেও খুনোখুনি হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে শিশুদের প্রতি সবার কর্তব্য পালনে সচেতন হওয়ার আহ্বান জানানো যেতে পারে।

 

আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।