ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডাক অধিদফতরের নবনির্মিত সদর দফতর ডাক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

এর আগে ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধনমুহূর্ত স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ডাক বিভাগের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই বিভাগের মাধ‌্যমে পচনশীল পণ‌্যও পাঠানোর ব‌্যবস্থা করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক ভবনে এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ মার্চ একনেক সভায় ডাক ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। পৌনে এক একর জায়গার ওপর ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ডাক বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি তৈরি করা হয়েছে। নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।