এত সাফল্য আসবে চিন্তাও করেনি মিরাজ

চলমান শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ
করছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে নিয়েছেন সাত উইকেট। সঙ্গে নিয়ন্ত্রণে রেখেছেন
রানের গতিও। এমন দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ, কাগিসো রাবাদাদের
পেছনে ফেলে আইসিসির ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন মিরাজ।
এটি তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭২৫ রেটিং পয়েন্ট পেয়েছেন
এই স্পিনার। র্যাঙ্কিংয়ে এত সাফল্য আসবে চিন্তাও করতে পারেননি তিনি। এক ভিডিও বার্তায়
এমনটাই জানালেন, এই অফস্পিনার।
বিসিবির হোয়্যাটসঅ্যাপ মিডিয়া গ্রুপে দেওয়া
এক ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘আমার কাছে খুব ভালো লাগছে র্যাঙ্কিংয়ে
দুই নম্বরে আসতে পেরে। কারণ, আমি কখনো ভাবিনি যে, ওয়ানডে ক্রিকেটে বোলিংয়ে দুই নম্বরে
আসব।’
মিরাজ আরো বলেন, ‘আমি যখন টেস্ট
ক্রিকেট শুরু করেছিলাম, আমি তখন কেবল টেস্ট বোলারই ছিলাম। কিন্তু আমার কাছে একটা জিনিস
মনে হতো যে, আমি কেবল টেস্ট ক্রিকেট খেলব না, সব ফরম্যাটেই খেলব এবং আমি যেন সফলতার
সঙ্গে খেলতে পারি। আমি যখন ওয়ানডে ক্রিকেট শুরু করলাম, তখন থেকে আমার চিন্তা ছিল যে,
আমি কীভাবে দলের জন্য আবদান রাখতে পারি এবং নিজে পারফর্ম করতে পারি। আমি যে জায়গায়
ফোকাস করেছিলাম যে, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার ইকোনমি ঠিক রাখতে হবে। আমি যদি ইকোনমি
ঠিক রাখি, তাহলে আমার দলে খেলার সুযোগ বেশি থাকবে এবং আমি যদি পরিস্থিতি ও দলের পরিকল্পনা
অনুসারে খেলতে পারি, তাহলে দলের জন্যও ভালো হবে আর আমার জন্যও ভালো হবে।’
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আইসিসির
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা পেয়েছেন মিরাজ। এর আগে ২০০৯ সালে শীর্ষস্থান
দখল করেছিলেন সাকিব আল হাসান। ২০১০ সালে দুই নম্বরে ওঠেন বাংলাদেশের আরেক সাবেক স্পিনার
আব্দুর রাজ্জাক। এবার সাকিব-রাজ্জাকের পাশে বসলেন মিরাজ।
আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে র্যাঙ্কিং
হালনাগাদ করেছে আইসিসি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন
মিরাজ। গতকাল দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২৮ রানে ৩ উইকেট। মোট সাত উইকেট নিয়ে নতুন তালিকায়
তিন ধাপ এগিয়েছেন মিরাজ।
মিরাজের পাশাপাশি র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি
হয়েছে মুস্তাফিজুর রহমানের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন
তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মোট ছয় উইকেট নিয়ে আট ধাপ
এগিয়েছেন মুস্তাফিজ। ঢুকেছেন শীর্ষ দশে। বর্তমানে ৬৫২ রেটিং নিয়ে ৯ নম্বরে আছেন বাঁহাতি
এই পেসার।


