রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন। শুভ বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের
পবিত্র ধর্মীয় উৎসব। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ শুভ বুদ্ধ
পূর্ণিমার সাথে গভীরভাবে সম্পৃক্ত। মহামতি বুদ্ধ ছিলেন জীবের মঙ্গল কামনায় সত্যসন্ধ।
বুধবার (২৬ মে)
রাষ্ট্রপতি বলেন, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে
আমি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জানাই মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, পৃথিবীকে সুখী ও শান্তিপূর্ণ
করে গড়ে তোলার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালান। বুদ্ধের চেতনায় ছিল দুঃখ জয়ের মাধ্যমে
জীবের মুক্তি কামনা। ‘চতুরার্য সত্য’ তত্ত্বে তিনি
জীবনে দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখ ভোগের কারণ এবং তা থেকে মুক্তির পথ দেখান। তার মতে
‘নির্বাণ’ লাভের মাধ্যমে
মানুষ জীবনের পরমার্থ অর্জন এবং সকল প্রকার দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে পারে। এজন্য
তিনি অষ্টমার্গ তথা প্রজ্ঞা, শীল ও সমাধি চর্চার উপদেশ দেন। তিনি স্থান-কাল-পাত্রের
ঊর্ধ্বে ওঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেন। ‘সব্বে সত্তা সুখীতা
হোন্তু’-পৃথিবীর সকল
প্রাণি সুখী হোক- এ ছিল বুদ্ধের শাশ্বত দর্শন।
রাষ্ট্রপতি বলেন, মহামতি বুদ্ধ একটি সৌহার্দ
ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই অমিয়
বাণী আজও সমাজে শান্তির জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের
অবক্ষয় রোধ, ধর্ম-বর্ণ-জাতিতে হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের
দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকে বাংলার
জনপদের সঙ্গে বৌদ্ধ সভ্যতা ও কৃষ্টি গভীরভাবে মিশে আছে। পাহাড়পুর ও ময়নামতি শালবন বিহার
তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের
সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি অত্যন্ত জাঁকজমকভাবে পালন
করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য। এই ঐতিহ্যের চর্চা ও বুদ্ধের মহান
আদর্শকে ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের উন্নয়নে তাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবেন-
এই প্রত্যাশা করি।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর
শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামতি
গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী
প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার একমাত্র লক্ষ্য।
বুদ্ধ সত্য ও সুন্দরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবজগতকে আলোকিত করতে কাজ করে গেছেন। মূল্যবোধের
অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তার জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধের
জন্ম, মৃত্যু ও বোধিজ্ঞান লাভের স্মৃতি-বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বৌদ্ধ
সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক
সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ
নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সব ধর্মের
মানুষ একত্রিত হয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত আনন্দ ও প্রীতির মাধ্যমে উদযাপন
করে থাকে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। আমাদের এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে
সমুন্নত রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ
ব্যাপকভাবে বিশ্বের পাশাপাশি বাংলাদেশকেও আঘাত করেছে। আমরা করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তদের
পাশে দাঁড়িয়েছি। মানুষের জন্য সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছি। মানুষের জন্য টিকার
ব্যবস্থা করেছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে জনসমাগম
এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমি আশা করি, গৌতম বুদ্ধের
আদর্শ ধারণ ও লালন করে সবাই বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল
বয়ে আনুক- এ কামনা করছি।


