সাংবাদিকতা চালিয়ে যাব, মুক্তির পর রোজিনা ইসলাম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম
জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৩ মে) বিকেল ৪টা ১২ মিনিটে তিনি কারামুক্ত হন। তিনি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম সাংবাদিকদের
বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে
যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে
প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তাঁকে হেনস্তা করা হয়।
পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, শারীরিক ও মানসিকভাবে তাঁকে নির্যাতন করা
হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে রোজিনা ইসলামকে
শাহবাগ থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে সচিবালয় থেকে শাহবাগ থানা পুলিশের
কাছে হস্তান্তর করা হয়। পৌনে ৯টার দিকে তাঁকে থানায় আনা হয়।
গভীর রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি
গোপনীয় নথি চুরির মাধ্যমে সংগ্রহ এবং ওই নথি দ্বারা বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের
রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার অপচেষ্টার অভিযোগ আনা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রোজিনা। তাঁকে জামিন
আবেদন বিষয়ে আজ রোববার আদেশ দেন আদালত। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার
শর্তে তিনি জামিন পান।


