রোজিনার জামিন মঞ্জুর, পাসপোর্ট জমার নির্দেশ

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায়
গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা রোববার
পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন।
রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল
হক সমাজি ও আশফ উল আলম। তাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কর্মকার ও আমিনুল গণি টিটো।
একইসঙ্গে রোজিনা ইসলামের পাসপোর্ট জমা
দেওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বাকী বিল্লাহর আদালত দীর্ঘ শুনানির পর আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে ওই দিন বিকেল
৪টার দিকে রোববার আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।
গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে
প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তাঁকে হেনস্তা করা হয়।
পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, শারীরিক ও মানসিকভাবে তাঁকে নির্যাতন করা
হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে রোজিনা ইসলামকে
শাহবাগ থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে সচিবালয় থেকে শাহবাগ থানা পুলিশের
কাছে হস্তান্তর করা হয়। পৌনে ৯টার দিকে তাঁকে থানায় আনা হয়।
গভীর রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি
গোপনীয় নথি চুরির মাধ্যমে সংগ্রহ এবং ওই নথি দ্বারা বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের
রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার অপচেষ্টার অভিযোগ আনা হয়।


