দেশে ভারতীয়সহ চারটি ধরন শনাক্ত

করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত
দেশে করোনাভাইরাসের চারটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ধরনগুলো হলো ইউকে ভ্যারিয়েন্ট
(বি.১.১.৭), সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট (বি.১.৩৫১), নাইজেরিয়া ভ্যারিয়েন্ট (বি.১.৫২৫)
ও ইন্ডিয়া ভ্যারিয়েন্ট (বি.১.৬১৭.২)।
সম্প্রতি জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ
ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর), ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস
(আইদেশি) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ উদ্যোগে
মোট ২০০ জন কভিড-১৯ পজিটিভ রোগীর নমুনা সিকোয়েন্সিং করার পর এ তথ্য উঠে আসে। গতকাল
আইইডিসিআরের ওয়েবসাইটে ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
আইইডিসিআরের তথ্যমতে, পার্শ্ববর্তী দেশ
ভারতে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়, যা ‘ভারতীয় ধরন’ নামে পরিচিত।
এর পর থেকে আইইডিসিআর বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য সংগ্রহে সতর্ক হয়ে
ওঠে। গত এপ্রিলে ভারত থেকে আসা সম্ভাব্য ২৬ জন কভিড পজিটিভ রোগীর নমুনা পরীক্ষা করে
ছয়জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ ভ্যারিয়েন্টকে বিশ ্বস্বাস্থ্য সংস্থা
(ডব্লিউএইচও) ভ্যারিয়েন্ট অব কনসার্ন (ভিওসি) ঘোষণা করেছে। এখন পর্যন্ত ৪৪টি দেশে এ
ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।
ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া ছয়জন একই
পরিবারের সদস্য। এদের মধ্যে সাত বছরের শিশু থেকে ৭৫ বছরের অশীতিপরও রয়েছেন। তারা গত
১ থেকে ২৫ এপ্রিল চিকিৎসার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গ, হরিয়ানা, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে
ভ্রমণ করেছেন বলে আইইডিসিআর সূত্রে জানা গেছে। এপ্রিলের শেষ সপ্তাহে তারা বাংলাদেশে
প্রবেশ করেন ও বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে থাকেন। তাদের মধ্যে একজন ক্যান্সারসহ বিভিন্ন
জটিল রোগে ভুগছিলেন। পরবর্তী সময়ে তিনি মারা যান।
আইইডিসিআর জানিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্ট
শনাক্ত হওয়া ওই ছয়জনের সিকোয়েন্স বৈশ্বিক ডাটাবেজ গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল
ইনফ্লুয়েঞ্জা ডাটায় (জিআইএসএআইডি) জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে বার্ড ফ্লুতে প্রচুর
প্রাণহানির ঘটনা ঘটলে এ ব্যাপারে তথ্য সংগ্রহ ও গবেষণার সুবিধার জন্য বিভিন্ন দেশ থেকে
ভাইরাসের নমুনা সিকোয়েন্স সংগ্রহ শুরু করে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জিআইএসএআইডি।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত
ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৮১। গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনের দেহে নভেল করোনাভাইরাস
শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। গতকাল এক সংবাদ বিজ্ঞিপ্তিতে
এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে
পুরুষ ২৩ ও নারী নয়জন। এর মধ্যে ৩০ জন হাসপাতালে ও দুজন বাসায় মারা গেছে। বয়সভিত্তিক
বিবেচনায় ষাটোর্ধ্ব ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন,
৩১-৪০ বছরের মধ্যে তিনজন ও ২১-৩০ বছরের মধ্যে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, গত ২৪
ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৫৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৭ লাখ ২৩ হাজার
৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৫০৯ জনের। আর নমুনা পরীক্ষা করা
হয় ১০ হাজার ৩৪৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ।


