দেশের ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দেশের ইতিহাস
বিকৃতির যে চেষ্টা হয়েছিল তা আর কেউ কোনো দিন করতে পারবে না।
সোমবার গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের
মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার
পর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে
যে, বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনো দিন বিকৃত করতে পারবে না। আর মুছতে পারবে না।
শেখ হাসিনা বলেন, ‘এই বাংলাদেশ স্বাধীন
দেশ, এটা স্বাধীনই থাকবে। জাতির পিতাকে হত্যার পর তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল যাতে
আমি দেশে ফিরতে না পারি। কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই
অবস্থানে আসতে পেরেছি।’
১৯৮১ সালের এই দিন (১৭ মে) দীর্ঘ নির্বাসন
শেষে তিনি বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন তিনি। বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের
চার দশক পূর্ণ হয়েছে এ বছর।
দেশে ফেরার সেই দিনের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু
কন্যা বলেন, ‘অনেক ঝড়-ঝাপটা অনেক বাধা অতিক্রম করেই আমাকে আসতে হয়েছিল।
কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে নানা
ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।’
‘জানতাম যে খুনি
এবং যুদ্ধাপরাধী তাদের বিচার আমার বাবা শুরু করেছিলেন। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা
ক্ষমতায়। খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে
আসছিলাম। আমি কোনো কিছু চিন্তা করিনি, আমি চলে এসেছি।’
তিনি বলেন, ‘স্বাধীনতাকে আমাদের
সফল করতেই হবে। ওইভাবে একটি প্রতিজ্ঞা আমার আর রেহানার সব সময় ছিল। আসার পর থেকে অনেক
ঝড়-ঝাপটা পার হতে হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। তবে এসেছি তো ঝড় মাথায় নিয়ে। সেদিন ৬০
মাইল বেগে ঝড় হচ্ছিল। তখন আমি ট্রাকে আর হাজার হাজার মানুষ রাস্তায়।’
যারা ওই সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছিলেন,
যারা দলের সভাপতি নির্বাচিত করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আজকের প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা
জনগণের শক্তিটা হচ্ছে সব থেকে বড় শক্তি। কারণ আমি যখন বাবা-মা ভাইবোন হারিয়ে এই দেশে
এসেছি, গ্রাম-গঞ্জে যেখানেই গেছি সাধারণ মানুষ, গ্রামের মানুষদের অনেক ভালোবাসা, স্নেহ
পেয়েছি। শুধু আমাদের দেশের ভেতরে না, বাইরের সবকিছু মিলিয়েই অনেক ঝড়-ঝাপটা পার হয়েই
আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। এটিই হচ্ছে সব থেকে বড় কথা।’
শেখ হাসিনা বলেন, ‘আমার ফিরে আসার
ব্যাপারে সব থেকে আগে স্টেটমেন্ট দেয় ছাত্রলীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের। সে তখন ছাত্রলীগের
প্রেসিডেন্ট। আর যুবলীগের চেয়ারম্যান ছিলেন তখন আমাদের আমির হোসেন আমু। যুবলীগের পক্ষ
থেকে তারা দিয়েছিলেন। আর পার্লামেন্টের পক্ষ থেকে এই কথাটা তুলেছিলেন মিজানুর রহমান
চৌধুরী। যদিও তিনি পরে অন্য দলে চলে যান। কিন্তু তিনিই প্রথম আমার আর রেহানার দেশে
আসার বিষয়টা তুলেছিলেন।’
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে
সপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।
এরপর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।


