১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের
জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি অনেক
অভিজ্ঞ ও নিয়মিত মুখের। প্রায় নবীন এক দল নিয়েই বাংলাদেশে আসবে লঙ্কানরা।
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে সরিয়ে
এবারের বাংলাদেশ সফরে নেতৃত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে। তার
সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে।
করুনারাত্নে ছাড়াও বাংলাদেশ সফরে না আসাদের
মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ,
সুরঙ্গা লাকমালরা। এছাড়া ফিটনেস বিবেচনায় বাদ পড়েছেন ওপেনার আভিশকা ফার্নান্দো।
আগামী ১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট
দল। পরে তিনদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে তারা।
২৩ মে থেকে শুরু হবে মূল সিরিজের খেলা।
পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ২১ মে বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।


