পরিবহণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বার্ষিক খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন

পরিবহণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বার্ষিক
উন্নয়ন কর্মসূচি (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। কোভিড-১৯ মোকাবিলায় বরাদ্দ
বেড়েছে স্বাস্থ্য খাতে।
২০২১-২২ অর্থবছরের জন্য সবকিছু মিলিয়ে
(সরকারি তহবিল, বৈদেশিক সহায়তা, উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ এবং স্বায়ত্তশাসিত সংস্থা)
মোট ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার এডিপি তৈরির কাজ শেষ হয়েছে।
এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১
লাখ ৪৪ হাজার ১৭ কোটি ৩৯ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৯২ হাজার ৭৭৫ কোটি এবং স্বায়ত্তশাসিত
সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ
করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় রোববার
এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
শিগগিরই এটি উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক
পরিষদের (এনইসি) বৈঠকে। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয়
বৈঠকে অনুমোদন দেওয়া হবে নতুন এডিপির খসড়াটি।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
বলেন, এবারের বাজেট হবে প্রবৃদ্ধি ও সম্প্রসারণমূলক। সেই দৃষ্টিকোণ থেকে এডিপি তৈরি
করা হয়েছে।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থ্য
ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব পেয়েছে। সেই সঙ্গে যেসব মেগা প্রকল্পের কাজ প্রায় ৭০-৮০
ভাগ শেষ হয়েছে, সেগুলোয় অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হয়নি।
তিনি আরও বলেন, আমাদের টাকার অভাব নেই;
কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার প্রচুর অভাব রয়েছে। সেটি কাটিয়ে উঠতে
হবে। তাহলেই এডিপি বাস্তবায়ন কাক্সিক্ষত হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী অর্থবছরের
মূল এডিপি আকার হবে ২ লাখ ২১ হাজার ৫৬০ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব
তহবিল থেকে ১ লাখ ৩৩ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৭ হাজার
৭০০ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে। এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছ ১৫টি খাতে। চলতি অর্থবছরের
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা। সেই তুলনায়
আগামী অর্থবছর এডিপির আকার বাড়ছে ২৩ হাজার ৯১৭ কোটি ৩৫ লাখ টাকা।
খাতভিত্তিক খসড়া বরাদ্দ প্রস্তাব পর্যালোচনা
করে দেখা যায়, পরিবহণ ও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৬১ হাজার ৭২১ কোটি ৪১ লাখ টাকা।
চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ রয়েছে ৪৯ হাজার ২১২ কোটি ৮৬ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে বিদ্যুৎ
ও জ্বালানি খাতে ৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে
গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২৩ হাজার ৭৪৭ কোটি ২১ লাখ টাকা।
অন্যান্য খাতের মধ্যে কোভিড-১৯ মোকাবিলায়
স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৭ হাজার ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। চলতি অর্থবছরের সংশোধিত
এডিপিতে এতে রয়েছে ১৪ হাজার ৯২১ কোটি ৮৮ লাখ টাকা। এক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ২ হাজার
৩৮৪ কোটি ৭৯ লাখ টাকা।


