স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে ও মাদরাসাগুলো খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অনুষ্ঠিত বৈঠকে তারা এ অনুরোধ জানান।

 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেফাজত নেতা নূরুল ইসলাম জিহাদী এসব কথা জানান। এর আগে রাত ৯টার পর মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন হেফাজতের নেতারা।

 

তিনি জানান, হেফাজতের গণআন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেপ্তারদের মুক্তি চান তারা। দেশব্যাপী গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছে মানুষজন। গ্রেপ্তার আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি ও ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে সব মামলা হয়েছিল, পূর্বের আলোচনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা এবং দ্রুত কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া জন‌্য দাবি করা হয়।

 

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া হয়।