খালেদা জিয়ার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে
আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড। গতকাল রোববার এক বৈঠকে আগে যেসব
পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয় খালেদা জিয়ার চিকিৎসায়
গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান
ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘গতকাল রোববার
ম্যাডামের আগের রিপোর্ট পর্যালোচনা করে নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছে মেডিকেল
বোর্ড। তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অনেকটাই ভালো। যদিও তাঁর পরীক্ষা-নিরীক্ষা
চলছে। আজ সোমবারও কিছু পরীক্ষা হবে।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায়
গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে অধ্যাপক
ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা.
সিনা, ডা. ফাহমিদা বেগম, ডা. মাসুম কামাল, ডা. আল মামুন, সাদিকুল ইসলাম এবং ডা. তামান্না
উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে চিকিৎসকেরা খালেদা
জিয়ার শারীরিক অবস্থা জানতে তাঁর বিভিন্ন মেডিকেল টেস্ট পর্যালোচনা করেন।
জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড যখন সব
পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ মনে করবে, তখন বাসায়
নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবে।
করোনায় আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দ্বিতীয় টেস্টে খালেদা
জিয়ার করোনা পজিটিভ এলেও তাঁর মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি এখন নন কোভিড রোগী
হিসেবে চিকিৎসাধীন আছেন।


