হঠাৎ সীমান্ত বন্ধে বিপাকে বন্দরে আটকে পড়া বাংলাদেশিরা

ভারত জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে আঘাত হানার কারণে সোমবার থেকে আগামী ১৪ দিনের জন্য দেশটির সাথে স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্ত বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে জড়ো হতে থাকেন তারা।

 

কিন্তু নির্দেশনা মোতাবেক এনওসি নেয়ার বাধ্যবাধকতা থাকায় তাদের ঢুকতে দেয়া হয়নি। আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসা ১৪ দিন বা তার কম আছে তাদেরকেই ফিরতে অনুমতি দেয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। তবে যারা আটকে পড়েছেন তাদের অনেকের কাছেই দীর্ঘদিন থাকার আর্থিক সক্ষমতা নেই।

 

পেট্রাপোল বন্দরে আটকে পড়া বাংলাদেশিরা হুট করে সীমান্ত বন্ধ করায় ক্ষোভ জানান। সবাইকে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করারও অনুরোধ তাদের।

 

এদিকে, সোমবার কলকাতা উপ-কমিশনে প্রায় ৩০০ আবেদন জমা পড়ে দেশের ফেরার জন্য। অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হচ্ছে।