কোভ্যাক্স থেকেও মিলছে না সেরামের টিকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকেও
আপাতত পাওয়া যাচ্ছে না বাংলাদেশের জন্য বরাদ্দ কোভিশিল্ডের ১০ কোটি ৯ লাখ ৮ হাজার ডোজ
টিকা। তবে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে জুন মাসের মধ্যে আসার সম্ভাবনা আছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্যাভির গণমাধ্যম
শাখা থেকে ই-মেইলে এই তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ
বৃদ্ধি এবং উৎপাদনের ঘাটতি থাকায় এই টিকা সরবরাহ হচ্ছে না। প্রত্যাশা করা হয়, সরবরাহ
ব্যবস্থা ঠিক হলে বাংলাদেশ বরাদ্দকৃত টিকা পাবে।
এছাড়া জানানো হয়েছে, এবছরের জুনের মধ্যে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর সময় নির্ধারণ করা আছে।
এদিকে, বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো
খবর দিচ্ছে, ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়ে দিয়েছে
যে, ব্যাপক আভ্যন্তরীণ চাহিদা তৈরি হওয়ার কারণে তাদের পক্ষে আর বাইরের কোন দেশকে আপাতত
সিরামের তৈরি টিকা দেয়া সম্ভব হচ্ছে না। এই খবরটি অবশ্য বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে
যাচাই করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কোন বক্তব্য এখন পর্যন্ত
পাওয়া যায়নি।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক
অধ্যাপক আলম বলছেন, 'অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই আমরা আশা করছি যে, আমাদের ঘাটতির যেটুক
সম্ভাবনা, ২০ লাখ ডোজ, আমাদেরকে বেক্সিমকোর উচ্চতম মহল আমাদের জানিয়েছে যে, তারা এই
টিকা এর মধ্যেই এনে দেবে।''
''কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম
সপ্তাহে আমাদের দেবে বলে বলেছে। ওখানে ফাইজারের এক লক্ষ ডোজ দেয়ার কথা।'' তিনি জানান।
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


