ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে লাগবে অনাপত্তিপত্র

মহামারী নভেল করোনাভাইরাসের প্রকপ বেড়ে
যাওয়াতে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ
অবস্থায় ভারতে ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে হলে অবশ্যই এনওসি (অনাপত্তিপত্র) লাগবে
বলে বাংলাদেশের কলকতা উপ-হাইকমিশন থেকে সার্কুলার জারি করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) জারি করা সার্কুলারে
বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তে বিদেশিদের
সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে।
এই সময়ে উপ-হাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত
দিয়ে বাংলাদেশিদের চলাচলও বন্ধ থাকবে।
যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে
রয়েছেন এবং ভিসার মেয়াদোর্ত্তীণজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন তাদেরকে
বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
এক্ষেত্রে ৭২ ঘণ্টার মেয়াদ থাকা তাদের
কোভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে
প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা
করবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, কলকাতার উপ-হাইকমিশনের
অনুমতি বা এনওসি ছাড়া কোনো বাংলাদেশি ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে
প্রবেশ করতে পারবে না। এনওসি পেতে বাংলাদেশে ফেরতের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন,
ভারতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, পাসপোর্টের কপি, ভিসার পাতার কপি লাগবে।
যে কোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের
যোগাযোগ করা যাবে +৯১৩৩৪০১২৭৫০০ নম্বরে। এছাড়া উপ-হাইকমিশনের ফেসবুক ও টুইটারেও যোগাযোগ
করা যাবে।


