চতুর্থ দিনও উইকেটে কোনো পরিবর্তন আসেনি

শেষ সেশনে দুই দফা আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলো। দিনের ২২ ওভারের মতো বাকি থাকতেই চতুর্থ দিনের খেলা শেষ। কিন্তু প্রথম দুই সেশনের পুরোটা আর শেষ সেশনের অর্ধেক সময় ঘাম ঝরিয়েও একটি উইকেট নিতে পারলেন না বাংলাদেশি বোলাররা।


আজ চতুর্থদিন তিন উইকেটে ৫১২ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে আর মাত্র ২৯ রান পিছিয়ে আছে লঙ্কানরা। উইকেটে ২৩৪ রানে অপরাজিত ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নে। তাঁর সঙ্গে ১৫৪ রানে অপরাজিত ধনঞ্জয়া।

 

তিন উইকেটে ২২৯ রানে দিন শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় কোনো সুবিধাই তৈরি করতে পারেননি সফরকারী বোলাররা। বরং আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২৪৭ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেছেন তিনি।

 

ওই সেঞ্চুরিকেই দিনের শেষ সেশনে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন লঙ্কান ওপেনার। ৩৮৭ বল খেলে ২১ চারে ডাবল সেঞ্চুরির ঘর স্পর্শ করেন করুনারত্নে। যদিও ডাবল সেঞ্চুরির বলটি মোকাবিলা করার সময়েই আউট হতে পারতেন তিনি। তাসকিনের বলে কাট করতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিতে পারতেন কিপার লিটন। কিন্তু সেটা আর হলো না। বল চলে যায় বাউন্ডারিতে। করুনারত্নেও পৌঁছে যান দ্বিশতকের ঘরে।

 

পুরো দিনে করুনারত্নের সঙ্গে দারুণভাবে ব্যাট করেছেন ধনঞ্জয়াও। এই জুটিতে নিজেদের লক্ষ্যে ছুটছিল শ্রীলঙ্কা। কিন্তু আজ আর সেটা সম্ভব হয়নি। আলোর স্বল্পতার কারণে দিনের ২২ ওভারে খেলা বাকি থাকতেই শেষ হয় চতুর্থ দিন।

 

এর আগে গতকাল স্কোরবোর্ডে ৫৪১ রানের বিশাল রান নিয়েই ইনিংস ঘোষণা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও যে তার দাঁতভাঙা জবাব দেবে সেটা কে জানত! ব্যাটিংয়ে নেমেই দারুণ প্রতিরোধ গড়ছেন লঙ্কান ব্যাটাসম্যানেরা।

 

বাংলাদেশি পেসারদের পাত্তা না দিয়ে উইকেটে থিতু হয়ে যান দুই ওপেনার। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মিরাজ। থিরিমান্নেকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন এই অফ স্পিনার। ১২৫ বলে আট বাউন্ডারিতে ৫৮ রানে থেমেছেন লঙ্কান ওপেনার।

 

মিরাজের পর স্বাগতিকদের দ্বিতীয় উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ফার্নান্দোকে ২০ রানে আউট করেছেন তিনি। এরপর শেষ বিকেলে আরেকটি স্বস্তি এনে দেন তাইজুল। শ্রীলঙ্কা শিবিরে তৃতীয় আঘাত হানলেন তিনি। টিকতে দিলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ৩২ বলে ২৫ রান করা ম্যাথিউসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। তিন উইকেট হারানোর পর ডি সিলভাকে নিয়ে দিনের বাকি অংশ পার করেন করুনারত্নে।

 

এদিকে গতকাল প্রথম সেশন পর্যন্ত ৫৪১ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে সাত উইকেট। ইনিংস শেষে ৬৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক ও ছয় রানে অপরাজিত ছিলেন তাসকিন। তৃতীয় দিন হাফসেঞ্চুরি করে আউট হন লিটন দাস। মিরাজ ও তাইজুল উইকেটে থিতু হতে পারেননি।

 

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।

 

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, থিরিমানে ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২, ধনঞ্জয়া ১৫৪*; তাসকিন ১/৯০, মারাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬)।