মুশফিক-লিটনদের লক্ষ্য ৫২০ রান করা

পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে
প্রথম টেস্টের তৃতীয় দিন আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার চার উইকেটে ৪৭৪ রানে দ্বিতীয়
দিন শেষ করেছিল বাংলাদেশ। এখন মুশফিক-লিটনদের লক্ষ্য ৫২০ বা তারচেয়ে বেশি রান করা।
এর আগে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত
সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। তবে পাল্লেকেলেতে প্রথম দুই দিনই দারুণ
আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। আজ তৃতীয় দিন মাঠে নেমেছেন মুশফিকুর রহিম
ও লিটন দাস। মুশফিক অপরাজিত আছেন ৪৩ রানে, আর লিটনের সংগ্রহ ২৫ রান।
গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ
দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘কাল (আজ শুক্রবার) সকালে দ্রুত কিছু রান
করতে হবে আমাদের। ৫২০-এর বেশি রান করে তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলা আমাদের লক্ষ্য।
উইকেট খুবই ভালো। তবে বড় রানের পর ব্যাটিং করাটা সব সময়ই চাপের। ওদের ব্যাটসম্যানেরা
ক্লান্ত থাকবে, রানের চাপ থাকবে তাদের ওপর। আমাদের ভালো সুযোগ থাকবে ২০ উইকেট নেওয়ার।
কাজটা কঠিন, তবে আমাদের চেষ্টা থাকবে সাফল্য পাওয়া।’
এদিকে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের
অসাধারণ দুটি সেঞ্চুরিতে সাড়ে চার শতাধিক রান করে বাংলাদেশ। শান্ত ১৬৩ ও মুমিনুল ১২৭
রান করেন।
অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৪৩) ও লিটন
দাস (২৫)। গতকাল দিনের খেলা ২৫ ওভারের মতো বাকি ছিল। তাই আজ শুক্রবার নির্ধারিত সময়ের
কিছুক্ষণ আগে মাঠে গড়াবে টেস্টের তৃতীয় দিন।
সেঞ্চুরির পাশাপাশি নিজেদের ঝুলিতে নতুন
রেকর্ড পুরেছেন মুমিনুল ও শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে
রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে এই জুটি। দুজন মিলে গড়েছেন ২৪২ রানের জুটি। তৃতীয় উইকেটে
এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছুটি ছিল ২৩৬ রানের। সেই জুটিতেও অবশ্য
নাম ছিল মুমিনুলের। সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই আগের
রেকর্ড জুটি গড়েন মুমিনুল-মুশফিক।


