বসানো হলো মেট্রোরেলের প্রথম কোচ

মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ির ডিপো সংলগ্ন জেটির আনলোডিং এলাকার রেলওয়ে
ট্র্যাকে স্থাপন করা হায়েছে প্রথম কোচ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টা ৩ মিনিটের
দিকে তুরাগ নদীর দিয়াবাড়ি সংলগ্ন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)
জেটি থেকে আনলোড করে কোচটি এই ট্র্যাকে রাখা হয়। এরপর এক এক করে অপর কোচগুলো ট্র্যাকে
স্থাপনের কাজ চলে। ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) বিকাল ৩টার দিকে কোচ বহনকারী বার্জ
তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছে। তার আগে গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে
ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো। ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছে
এগুলো। ওই দিন ও তার পরের দিন পহেলা এপ্রিল কোচগুলো সেখানে খালাস করে ঢাকার উদ্দেশে
যাত্রা করে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে
গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের বলেন, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ ভাগ।
প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজের
অগ্রগতি ৮৩.৫২ ভাগ।
মন্ত্রী জানান, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক
ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৫২.২২ ভাগ।
প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেট মেট্রোট্রেনে মোট কোচের
সংখ্যা ১৪৪টি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারমধ্যে গতকাল ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোট্রেন
সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।’
দ্বিতীয় মেট্রোট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে বুধবার
(২১ এপ্রিল) সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করা হচ্ছে, আগামী ১৬ জুনের মধ্যে
দ্বিতীয় সেটটি বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছবে।’
মন্ত্রী জানান, তৃতীয় ও চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্ট ১১ জুন এবং
১৩ আগস্টের মধ্যে মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পঞ্চম মেট্রোট্রেন
সেট জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য
তারিখ ১৭ সেপ্টেম্বর।


