দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন
জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ এপ্রিল)
বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া পৃথক বাণীতে তাঁরা প্রত্যাশা করেন, বাংলা নববর্ষ ১৪২৮ সবার
জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে।
রাষ্ট্রপতি বলেন, অতীতের সব গ্লানি ও বিভেদ
ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনে সর্বক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুসংহত করবে। সব অশুভ
ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক,
নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি- এ প্রত্যাশা করি।
রাষ্ট্রপতি বলেন, আজ পহেলা বৈশাখ। বাংলা
নববর্ষ ১৪২৮। বাঙালির এক আনন্দ-উজ্জ্বল মহামিলনের দিন। আনন্দঘন এ দিনে আমি দেশে-বিদেশে
বসবাসরত সব বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, চির নতুনের বার্তা নিয়ে আমাদের
জীবনে বেজে ওঠে বৈশাখের আগমনী গান। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল,
সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।
বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনায় চিড় ধরাতে ১৯৫৮ সালে পাকিস্তানি সামরিক সরকার বাংলা
নববর্ষ উদযাপনসহ সব গণমুখী সংস্কৃতির অনুশীলন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের
এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ধর্মীয় ও গোষ্ঠীগত ভেদাভেদ
ভুলে নববর্ষ উদযাপনে এক কাতারে শামিল হন।
আবদুল হামিদ বলেন, স্বাধীন বাংলাদেশে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বাঙালির
এই মহামিলনে নতুন মাত্রা যুক্ত করে। মঙ্গল শোভাযাত্রা মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল
সংস্কৃতি হিসেবে আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ২০১৬ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা
ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible
Cultural Heritage’-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এ স্বীকৃতি
আমাদের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি জাতি হিসেবে আমাদের অসাম্প্রদায়িক
অবস্থানকে আরও সমুন্নত করবে বলে আমার বিশ্বাস।
রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের শিল্প, সাহিত্য,
সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোততভাবে
জড়িয়ে আছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সার্বজনীন। এ বছর এমন
একটা সময়ে আমরা বাংলা নববর্ষের দিনটি অতিবাহিত করছি যখন বাংলাদেশসহ সারাবিশ্ব নভেল
করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও
দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী
পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার মাস্কসহ ব্যক্তিগত
সুরক্ষাসামগ্রী ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। আমি
দেশবাসীর প্রতি আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবিলার আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, শুভ নববর্ষ ১৪২৮।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়িত
ঐতিহ্য। বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদযাপনের মধ্য দিয়ে। পহেলা বৈশাখের
দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে
ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।
শেখ হাসিনা বলেন, পাকিস্তান আমলে ঔপনিবেশিক
শক্তি বাঙালির ঐতিহ্যকে নস্যাৎ করতে চেয়েছে। বাঙালিরা দুর্বার প্রতিরোধে আত্মপরিচয়
ও স্বীয় সংস্কৃতির শক্তিতে তা প্রতিহত করেছে। সেই শক্তিকে ধারণ করে শামিল হয়েছে মুক্তির
সংগ্রামে। সংস্কৃতি ও রাজনীতির মিলিত স্রোত পরিণত হয়েছে স্বাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে।
এভাবেই বিশ্বের বুকে অভ্যুদয় ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এরই ধারাবাহিকতায়
ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি
পেয়েছে। নববর্ষের- এ আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে বিরাট অর্জন। এই পথ বেয়ে বিশ্বসমাজে
বাঙালি হয়ে উঠবে শ্রেষ্ঠ জাতি।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ও বাঙালি জাতিরাষ্ট্রের
নাগরিক হিসেবে এ বছর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এ বছর আমরা উদযাপন
করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী। এরই ধারাবাহিকতায় আগামী বছর আমরা উদযাপন করবো মহান ভাষা আন্দোলনের হীরকজয়ন্তী।
বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে না, বাঙালি বীরের জাতি হিসেবে তার অর্জন ও অগ্রগতি
চির ভাস্বর হয়ে থাকবে যুগ যুগান্তর।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান অসাম্প্রদায়িক, উদারনৈতিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রের ভাবাদর্শে আজীবন যে সংগ্রাম
করে গেছেন তারও মূলমন্ত্র জাতিগত ঐতিহ্য ও অহংকার। বঙ্গবন্ধুর জীবনাদর্শের মূলসূত্র
নিহিত আছে জাতিগত বিকাশ ও উত্তরোত্তর সমৃদ্ধিতে। সেই আদর্শে বাংলাদেশের স্বাধীনতা অর্জন,
দেশ পুনর্গঠনে কাজ করেছে তার অভিন্ন চেতনা। একইসঙ্গে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ তথা
মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ তথা সুখী-সমৃদ্ধ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবারের বৈশাখ হবে আমাদের জন্য বিপুল
প্রেরণাদায়ী।
তিনি আরও বলেন, বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা,
অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো- এবারের নববর্ষে এ হোক আমাদের
প্রত্যয়ী অঙ্গীকার। কবি গুরুর ভাষায়-
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
এসো, হে বৈশাখ এসো, এসো ...


