আজকের সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হলো বাংলা ১৪২৮ সালের

স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৮। আজ সকালের বাংলা নতুন বছরের নতুন সূর্যোদয়ে একটিই কামনা সবার, 'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।' আজ মঙ্গলবার পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তির মাধ্যমে আজ ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হবে নতুন বছর ১৪২৭।
আজ সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। স্বাভাবিক ভাবেই সে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব-নতুন বালাদেশ । বাংলাদেশসহ বিশ্বের বাঙ্গালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই আজ প্রথমবারের মতো নতুন বছরকে বরণ করে নেবে তেমন কোন আনুষ্ঠানিকতা ছাড়াই।
ঘরে বসেই উদযাপন করবে এ দেশের মানুষ এই মহামিলনের আনন্দ-উল্লাস। অদৃশ্য জীবনবিনাশী শক্তি কভিড-১৯-এর বিরুদ্ধে ঘরে থাকার প্রধান কৌশলে 'দিবে আর নিবে, মিলাবে মিলিবে'র সব আয়োজন তাই চার দেয়ালের মধ্যে নিয়ে এসেছে দেশের মানুষ। বিগত বছরের গ্লানি, জরা, আবর্জনা ভাসিয়ে দিয়ে প্রাণের তানপুরায় মানুষ শুনছে বর্ষবরণের আবহমান সুরধ্বনি। বাতাসে ভেসে আসা কল্লোলে কণ্ঠ মিলিয়ে আজ বাঙালি গেয়ে উঠছে, 'এসো হে বৈশাখ, এসো এসো।'
নতুন বছরের নতুন এ সূর্য বাঙালিকে দিচ্ছে দুঃসময়কে জয় করার দুরন্ত শক্তি। মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে এবারও গত বছরের মতো রমনার বটমূলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বর্ষবরণের আয়োজন নেই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি কিংবা চারুকলা প্রাঙ্গণেও থাকছে না সমাবেশ, ভিড় আর উচ্ছ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না রবীন্দ্রসরোবরে। অবশ্য স্বল্প পরিসরে আছে প্রতীকি মঙ্গল শোভাযাত্রা। তবে ডিজিটাল প্রযুক্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা নববর্ষের নানা আয়োজনে এবারও উৎসবের সুরধ্বনি ছড়িয়ে পড়বে কোটি বাঙালির হৃদয়ে।
ছায়ানটের আয়োজন :অনলাইনে একটি অনুষ্ঠান করবে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এ অনুষ্ঠান সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও ছায়ানটের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানে থাকছে মানুষের জন্য মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন।
এক বিবৃতিতে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানিয়েছেন, করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতির জন্য গত বছরের মতো এবারও ছায়ানট ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদযাপন করতে বাধ্য হচ্ছে। সকলের নিরাপত্তা বিবেচনায় অনন্যোপায় হয়ে তারা ডিজিটালি এবং পুরোনো ও নতুন পরিবেশনের মিশ্রণে অনুষ্ঠান ঢেলে সাজিয়েছেন।
তিনি জানিয়েছেন, বাংলা নববর্ষ ১৪২৮-এর প্রথম দিন, অর্থাৎ ইংরেজি ১৪ এপ্রিল সকাল ৭টায় বাংলাদেশ টেলিভিশন প্রায় ঘণ্টাখানেকের ধারণকৃত সংকলনটি সম্প্রচার করবে। একইসঙ্গে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও এ অনুষ্ঠান দেখা যাবে।
১৯৬৭ সালে রমনার বটমূলে
গান গেয়ে বাংলা নতুন বছরকে বরণ করার আয়োজন শুরু করে ছায়ানট। এ পর্যন্ত কেবল মুক্তিযুদ্ধের
সময় ১৯৭১ সালে এবং গত বছর করোনাজনিত পরিস্থিতিতে অনুষ্ঠানটির আয়োজন করা যায়নি।


