দেশের যেসব এলাকায় রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে
মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকেই শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী ও চাঁদপুরসহ দুই
শতাধিক গ্রামের অন্তত চার লক্ষাধিক মানুষ রোজা রেখেছেন। হিজরি চন্দ্র মাস হিসেব করে
এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সোমবার (১২ এপ্রিল) রাতে
তারাবির নামাজ এবং মঙ্গলবার ভোরে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে এসব জেলার মানুষ পবিত্র রমজানের
আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর (হাজীগঞ্জ
ছাড়াও পাশের ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর), পটুয়াখলী (বদরপুর, ছোট বিঘাই, সেনের
হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা, কানকুনিপাড়া, মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা,
সুরদী, সাবুপুরা, আমিরাবাদ, লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি,
টিয়াখালীর ইটবাড়িয়া, নাইয়াপট্টি, বাদুরতলী, সাফাখালী)।
চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার মির্জাখীল,
সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা,
লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুঁটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার
কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ,
বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারী
এক দিন আগে রোজা পালন করেন।
এ ছাড়া বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে মির্জাখীল দরবারের অনুসারী রয়েছেন তারাও মঙ্গলবার থেকে প্রথম রোজা পালন শুরু করেছেন।


