বিমানের সুরক্ষা ও যাত্রীসেবায় মান নিশ্চিত করার আহ্বান

নতুন ক্রয়কৃত বিমানগুলোর সুন্দর সুরক্ষা
ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
রোববার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী উড়োজাহাজ
আকাশতরী ও শ্বেতবলাকা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত
হন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা এর আগেও দুটি বিমান ক্রয়
করেছি। এখন আবার দুটো বিমান আজ উদ্বোধন হচ্ছে। যেগুলোর নাম দিয়েছি- উড়োজাহাজ আকাশতরী
ও শ্বেতবলাকা। এগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে, যাত্রীসেবা যেন মানসম্মত হয়, এদিকে
সবাই খেয়োল রাখবেন।
বিমান কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী
বলেন, এটা আমাদের দেশ। লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল
করা সকলের দায়িত্ব। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, দেশের লাভ হবে। সেটাই আমরা
চাই।
এ সময় তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ ও
আধুনিক প্রযুক্তির। যারা চিন্তা করেন তাদের জন্য এটা নিরাপদ হবে। চিন্তার বিষয় কিছু
থাকবে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রান্তে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বেসামরিক
বিমান ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিমান সচিব, বিমান পরিচালনা
বোর্ডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।


