২ হত্যা মামলার একটির ফল ‘শূন্য’

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী–কর্মচারীদের সঙ্গে ঢাকা
কলেজের ছাত্রদের সংঘর্ষে ঘটনায় দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা হয়েছে। ওই ঘটনায় এ
পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে আছেন বিএনপির একজন নেতা,
ঢাকা কলেজের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ৫ জনসহ ১৪ জন শিক্ষার্থী। বাকি ৪ জন
দোকান কর্মচারী।
এসব ব্যক্তির মধ্যে ছাত্রলীগের পাঁচজনসহ ছয়জনকে কুরিয়ার সার্ভিসের
কর্মী নাহিদ হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই সংঘর্ষে একটি কাপড়ের
দোকানের বিক্রয়কর্মী মো. মুরসালিন হত্যার ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি
পুলিশ।
ডিবি বলছে, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে কয়েক হাজার ইটের টুকরা
নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঠিক কার ইটের আঘাতে মুরসালিনের মৃত্যু হয়েছে, সেটা এখনো
নিশ্চিত হওয়া যায়নি। মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিগগিরই দুটি হত্যার
ঘটনার তদন্ত শেষ হচ্ছে না।
‘মুরসালিন
হত্যা মামলায় কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে নাহিদ হত্যার সঙ্গে জড়িত
পাঁচজনকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের
চেষ্টা চলছে।’
এইচ এম আজিমুল হক, ডিবি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি)
১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের
ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে
ওই ঘটনার সূত্রপাত। এর জের ধরে ১৯ এপ্রিল দিনভর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের
ছাত্রদের সঙ্গে বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের মধ্যে সংঘর্ষ
হয়।
সংঘর্ষে দুজন মারা যান। আহত হন অর্ধশত ব্যক্তি। এ ঘটনায় দায়ের হওয়া
মোট পাঁচটি মামলায় আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি তদন্ত
করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট
থানা-পুলিশ। এই তিন মামলার মধ্যে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায়
দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বাকি দুটি মামলার মধ্যে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায়, আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনে। আর নাহিদ হত্যা মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে, যাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তা ছাড়া এই হত্যার ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করে।
এদিকে নিউমার্কেটে সংঘর্ষ ও নাহিদ হোসেন হত্যার ঘটনায় নতুন করে আরও
১০ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। তাঁরা ঘটনাস্থলে
উপস্থিত ছিলেন। হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের
দেওয়া তথ্য ও ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা
হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা ডিবি।
হত্যা মামলা দুটির তদন্ত অগ্রগতি নিয়ে সোমবার ডিবি রমনা বিভাগের
উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক প্রথম আলোকে বলেন, ‘মুরসালিন
হত্যা মামলায় কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে নাহিদ হত্যার সঙ্গে জড়িত
পাঁচজনকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের
চেষ্টা চলছে।’
প্রথম দিনের ঘটনার পর ওই এলাকার দোকানপাট সব বন্ধ ছিল। তাহলে পরদিন
দিনভর কারা সংঘর্ষ চালিয়েছে? নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক।
দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে
বলেন, তদন্তের এই পর্যায়ে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি ঢাকা কলেজের শিক্ষার্থী
মাহমুদুল হাসান (সিয়াম) রড দিয়ে নাহিদ হাসানকে এলোপাতাড়ি আঘাত করেন। তিনি ঢাকা
কলেজের বাংলা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
তাঁকে গত বুধবার শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বোগদাদীও নাহিদ হত্যার ঘটনায় সরাসরি অংশ নেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে আরও কয়েকজনের নামও পাওয়া গেছে। এখন তাঁরা কারাগারে।
নিউমার্কেটে সংঘর্ষের সময় হেলমেটধারীদের ধারালো অস্ত্রের আঘাতে
কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন নিহত হন। বিভিন্ন গণমাধ্যম হামলাকারীদের
ছবিসহ সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি
হয়। এই সমালোচনার মধ্যে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানা
বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করে
পুলিশ।
গত ২২ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় মকবুল
হোসেনকে। যে খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, ওই দোকানটির মালিক
তিনি। এক মাসের বেশি সময় কারাভোগের পর গত ২৪ মে জামিনে বেরিয়েছেন মকবুল হোসেন।
সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান
আমিনুল ইসলাম শাহীন গতকাল প্রথম আলোকে বলেন, প্রথম দিনের ঘটনার পর ওই এলাকার
দোকানপাট সব বন্ধ ছিল। তাহলে পরদিন দিনভর কারা সংঘর্ষ চালিয়েছে? নিরপেক্ষ তদন্তের
মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংঘর্ষে দোকান
কর্মচারী, মালিক কিংবা শিক্ষার্থী যে–ই জড়িত থাকুক না কেন,
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


