মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত
এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ
মালেক।
মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মােট ৭৯ হাজার
৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক
শিক্ষার্থী।
এ সময় জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা
সুষ্ঠুভাবে হয়েছে। আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। ছেলেদের থেকে
মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। বেশি পাস করেছে মেয়ে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী
অংশ নেন। এর মধ্যে পাস করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ। আগামী
৭-১২ এপ্রিল পর্যন্ত রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে। কীভাবে রিভিউয়ের
জন্য আবেদন করতে হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.
সাইফুল ইসলাম বাদল বলেন, আমাদের তিনটি কমিটির মাধ্যমে পরীক্ষা বাস্তবায়ন করেছি।
আমাদের প্রথম থেকেই লক্ষ্য উদ্দেশ্য ছিল শতভাগ সুন্দর ও সচ্ছ পরীক্ষা উপহার দেওয়া।
আমাদের সংশ্লিষ্ট সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই পরীক্ষাকে শতভাগ সুন্দরভাবে শেষ
করার জন্য। আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি।
এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১
এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে
এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল
ডেন্টাল কলেজ।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০
জন অংশ নেন। দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে
প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল
অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল
অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।


