পণ্যের দাম ও সরবরাহে বিঘ্ন ঘটালেই শাস্তি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা বাণিজ্য মন্ত্রণালয়ের একমাত্র লক্ষ্য। এ জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। কোথাও কেউ বিঘ্ন ঘটালে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে চাহিদা বাড়ে- এমন নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। রমজানে পণ্যের ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই। ফলে ভোক্তাদের বেশি পণ্য কিনে মজুত করা ঠিক হবে না। একসঙ্গে বেশি পণ্য কিনলে বাজারে চাহিদা বেড়ে যায়। এর সুযোগ নেয় অসাধু ব্যবসায়ীরা। তিনি বলেন, টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দিতে প্রস্তুতি নিচ্ছে। ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত পণ্য রয়েছে। ফলে দাম বাড়ার কোনো কারণ নেই।
আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, সরকার যে দাম নির্ধারণ করেছে, সেই দামে পণ্য বিক্রি নিশ্চিত করা হবে। বিদেশে এ ধরনের উৎসবের সময় দাম কমে। আমাদের দেশে কেন বাড়বে? ভ্যাট কমালে পণ্যের দাম কমতেও পারে। এ কথাও বিবেচনায় রাখা হচ্ছে, বিশ্ববাজারে কয়েকটি পণ্যের দাম বাড়ছে। তবে নতুন করে কোনো পণ্যের দাম নির্ধারণের আগে সেগুলোর দাম বাড়ানো যাবে না। এমনকি বিশ্ববাজারে বাড়লেও না। বেশি দামের পণ্য দেশে আসার পর নতুন মূল্য নির্ধারণের জন্য বিবেচনা করা হবে।


