শেয়ার লেনদেন নিষ্পত্তি হবে দুই দিনে

বাংলাদেশে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তি হবে মাত্র দুইদিনে। অর্থাৎ শেয়ার কেনার পর দ্বিতীয় দিনেই শেয়ার বুঝে পাবেন ক্রেতা। আর বিক্রেতা বুঝে পাবেন তার বিক্রি করা শেয়ারের মূল্য।
গত শুক্রবার ভারতের পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় তিন দিন থেকে দুইদিনে নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকরের পর বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও একই পথে হাঁটার কথা ভাবছে।
তালিকাভুক্ত 'এ', 'বি' এবং 'এন' ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় দুই দিনে (টি+১) নামিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংস্থার কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সিদ্ধান্ত আগামী দুই-এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
তবে 'জেড' ক্যাটাগরির শেয়ারগুলোর লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমিয়ে আনা হবে কিনা, হলে কতটা কমানো হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা লেনদেন নিষ্পত্তির সময় দুইদিনে নামিয়ের আনার সিদ্ধান্ত কার্যকরে সে দেশের স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিলেও বলেছে, চাইলে তারা ছয় মাস পর আগের অবস্থানে (লেনদেন নিষ্পত্তি তিন দিনে) ফিরিয়ে নিতে পারবে।
বর্তমানে জেড ছাড়া অন্য সব শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে তিন দিন (টি+২) লাগে। ২০১৪ সালের ১৫ এপ্রিল থেকে তা কার্যকর আছে। এর আগে লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগত চারদিন (টি+৩)।
এছাড়া জেড ক্যাটাগরির শেয়ার লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগছে বর্তমানে চার দিন (টি+৩)। গত বছর ২০২০ সালের সেপ্টেম্বরে এ নিয়ম করেছিল বিএসইসি। তার আগে এমন শেয়ার লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগত দশমিক (টি+৯)।
ভালো অপেক্ষাকৃত কোম্পানির শেয়ারের (এ, বি বা এন) ক্রেতা শেয়ার কেনার পর বর্তমানে তৃতীয় দিনে গিয়ে শেয়ার বুঝে পান। অন্য দিকে বিক্রেতা তার টাকা বুঝে পান। এ সময়কালকে লেনদেন নিষ্পত্তির সময় (সেটেলমেন্ট পিরিয়ড) বলা হয়।
যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ দেশের শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির স্টান্ডার্ড সময় তিন দিন, যা 'টি+২' হিসেবে পরিচিত। এখানে 'টি' অর্থ ট্রেডিং ডে এবং ২ হচ্ছে পরবর্তী ২ কার্যদিবসের সংখ্যা।
লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার যুক্তি হিসেবে শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ার কেনার পর ক্রেতার সঙ্গে সঙ্গেই শেয়ার বুঝে পাওয়ার কথা। কিন্তু এ জন্য প্রযুক্তিসহ সার্বিক ব্যবস্থাপনার সক্ষমতা থাকাও জরুরি। এরই মধ্যে স্টক এক্সচেঞ্জ এ সক্ষমতা অর্জন করেছে। তারা প্রস্তুত। কমিশনও আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে নির্দেশনা দেবে।
বিএসইসির কমিশনার আরও বলেন, বিশ্বের নানা দেশে এ ব্যবস্থা আছে। বিদেশিরা এটাই পছন্দ করেন। লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে।
তবে বাংলাদেশে বিদেশিদের শেয়ার লেনদেনের নিষ্পত্তি বহু বছর ধরেই দুইদিনে (টি+১) হচ্ছে। তবে বাংলাদেশিরা বিনিয়োগকারীরা এ সুবিধা পেতেন না। শীর্ষ ব্রোকারেজ হাউসগুলো এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বের বেশিরভাগ শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির সময় টি+১ বলা হলেও বাস্তবে এ নিয়ম কার্যকর আছে সিঙ্গাপুর, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এ দলে গত ২৫ ফেরুয়ারি যুক্ত হয়েছে ভারত।
বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জেও যুক্তরাষ্ট্রের সব পুঁজিবাজারের লেনদেন নিষ্পত্তির সময় বর্তমানে তিন দিন (টি+২)। ২০১৭ সালের সেপ্টেম্বরের আগে তা চার কার্যদিবস বা টি+৩ দিন ছিল।
শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যের পুঁজিবাজারগুলোর লেনদেন নিষ্পত্তি হয় তিনদিনে। লন্ডন স্টক এক্সচেঞ্জে ২০১৪ সালের অক্টোবর থেকে এ নিয়ম চলছে। তার আগে চার দিনে লেনদেন নিষ্পত্তি হতো। তবে চীনের পুঁজিবাজারগুলো লেনদেন নিষ্পত্তি হয় দিনে দিনে বা দুইদিনে।
লেনদেন নিষ্পত্তি যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, তা ঠিক রাখতেই উন্নত বিশ্বের বেশিরভাগ দেশে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় এখনো টি+২। এর বাইরে বেশি বেশি ট্রেডিং মানসিকতা বন্ধ করাও লেনদেন নিষ্পত্তির সময় বাড়িয়ে রাখা একটি কারণ।
বাংলাদেশে ২০১৪ সালে লেনদেন নিষ্পত্তি সময় কমানোর প্রধান কারণ ছিল দৈনিক শেয়ার কেনাবেচার পরিমাণ বাড়ানো। আদতে ফল হয়েছিল উল্টো।
২০১৪ সালের ১৫ এপ্রিল লেনদেন নিষ্পত্তির সময় চারদিন থেকে তিন দিনে নামিয়ে আনার আগের মাসে দৈনিক গড়ে ৩৭০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার, যা পরের এক মাসে ৪৩৭ কোটি ৫৮ লাখ টাকায় উন্নীত হয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদে দেখা গেল ফল হয়েছে উল্টো। এ সিদ্ধান্ত কার্যকরের আগের এক বছরে যেখানে দৈনিক গড়ে ৪৮০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হতো, তা পরের বছরে ৪৩৫ কোটি ৩১ লাখ টাকায় নেমেছিল।
ঢাকার কয়েকটি বড় ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এর ফলে লেনদেন বাড়বে।


