পকেটে টান, টিসিবির ট্রাকেও নেই ভরসা

সাম্প্রতিক সময়ে একের পর এক নিত্যপণ্যের দামের 'পাগলা ঘোড়া'র সঙ্গে দৌড়াতে গিয়ে হাঁপাচ্ছেন দরিদ্র, নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও। ফলে টিসিবি পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। সাশ্রয়ী দামে পণ্য কিনতে মানুষ ছুটছে টিসিবির ট্রাকের পিছু পিছু। প্রতিদিন আসছে নতুন বিমর্ষ মুখ। নতুন মুখগুলোর মধ্যে বেশির ভাগই আবার মধ্যবিত্ত পরিবারের।
কার আগে কে সারিতে দাঁড়াতে পারবেন, আগে দিতে হবে সেই পরীক্ষা। পরে পণ্য পাওয়ার 'ভাগ্য' পরীক্ষা। কারণ, সারিতে দাঁড়ালেই চলবে না; ট্রাকে পর্যাপ্ত মজুত না থাকলে সাত-আট ঘণ্টা দাঁড়িয়ে রোদে পুড়ে দিন শেষে খালি হাতে ফিরতে হবে বাড়ি।
এদিকে, যে পরিমাণ পণ্য নিয়ে টিসিবির ট্রাক আসে, তা দুই-তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। ফলে যারা ভোর থেকে সারিতে দাঁড়ান, তাদের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ পণ্য কিনতে পারেন না।
রাজধানীর কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার টিসিবির ট্রাকের বিক্রয় কার্যক্রমের খোঁজ নিতে গিয়ে উঠে আসে এ রকমই বেদনার ছবি।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়তে থাকায় মানুষ টিসিবির ট্রাকমুখী হচ্ছে। সরকার টিসিবির পণ্য বিক্রির আওতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে এ উদ্যোগ স্বল্প পরিসরে ক্রেতাকে স্বস্তি দিলেও এটা দীর্ঘমেয়াদি সমাধান নয়। টিসিবির সারি ছোট করতে হলে বাজারে পণ্যের দামে নিয়ন্ত্রণে আনা জরুরি।
কারণ, বাজারে আমদানি ও ভোক্তা পর্যায়ে পণ্যের দামে ব্যাপক ফারাক দেখা যায়। সিন্ডিকেট করে কেউ কেউ পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে প্রভাব বিস্তার করে। আবার কখনও দেখা যায়, দোকানে পণ্যের দামের তালিকা ঝোলানো। তবে তা বাস্তবায়ন হয় না। তাই এ ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্নিষ্টদের।
পণ্য উৎপাদন, সরবরাহ বা বিপণন সব পর্যায়ে চাঁদাবাজদের আগ্রাসন রয়েছে। এ কারণে পণ্যের ব্যয় কিছুটা বেড়ে যায়। কিন্তু সেই বাড়তি ব্যয়টা মূলত ভোক্তার ঘাড়ে পড়ে। এসব ক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্সে থাকতে হবে। এ ছাড়া উৎপাদন বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া, সরকারি পর্যায়ে মজুত বাড়ানো, সময়মতো আমদানি করলে বাজারে এক ধরনের সবুজ সংকেত যায়। ফলে পণ্যের দামে নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি যারা অবৈধ উপায়ে বাজারে প্রভাব বিস্তার করে পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মত বিশেষজ্ঞদের।
টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায়, প্রতি কেজি চিনি ৫৫, ডাল ৬৫ ও পেঁয়াজ ৩০ টাকায় মিলছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি করে চিনি ও ডাল এবং তিন কেজি পেঁয়াজ কিনতে পারছেন।
বর্তমানে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত তেল ১৬৮ টাকা। পেঁয়াজের কেজি ৫০ থেকে ৫৫ টাকা, চিনি ৮০ থেকে ৮২ এবং বড় দানার মসুর ডাল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে ক্রেতা বাজার থেকে এসব পণ্য না কিনে টিসিবির ট্রাক থেকে কিনলে তার সাশ্রয় হয় ২৩৬ থেকে ২৬০ টাকা। বাড়তি এই টাকা সাশ্রয় করার জন্য প্রতিদিনই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা।
প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এই পণ্য বিক্রি কার্যক্রম চলছে। দৈনিক প্রতিটি ট্রাকের মাধ্যমে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়। টিসিবির তথ্য বলছে, গতকাল রাজধানীর ৫৮টি স্থানে টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছে।


